শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
চান্দিনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন’ বিষয়ে অবহিতকরণ সভানকল ও ভেজাল ওষুধ বিক্রি করলে কঠোর শাস্তির বিধান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

রণবীর ঘোষ কিংকর।
নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি বন্ধ এবং ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় সচেতন করতে কুমিল্লার চান্দিনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ বিষয়ক অবহিতকরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের আয়োজনে চান্দিনার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
চান্দিনা পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই ওষুধের গুণগত মান, নিরাপদ সংরক্ষণ, সঠিক বিতরণ এবং বিক্রয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেককে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সামান্য অসতর্কতা কিংবা অধিক মুনাফার লোভে অনিয়মের আশ্রয় নেওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি উপস্থিত ব্যবসায়ীদের ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, অপরাধের ধরন এবং শাস্তি ও জরিমানার বিধান সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে নকল, ভেজাল, অনিবন্ধিত ও নিম্নমানের ওষুধ সংরক্ষণ ও বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং বিধিবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক বিক্রির বিষয়ে সতর্ক করেন। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকার জন্যও তিনি ব্যবসায়ীদের নির্দেশনা দেন।
তিনি আরও জানান, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী নকল ওষুধ উৎপাদন, জ্ঞাতসারে নকল ওষুধ বিক্রি কিংবা ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির মতো গুরুতর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১৪ বছর সশ্রম কারাদণ্ড কিংবা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অপরাধের ধরন অনুযায়ী অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি বাদল চন্দ্র কর।
চান্দিনা পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হারুনের উপস্থিতিতে সভায় আরও অংশ নেন সমিতির সদস্য মো. নূরুল ইসলাম, বিজয় দত্ত, লক্ষ্মণ দাস, মো. জাকিরুল ইসলাম, মো. রুহুল আমিন (বরকইট), মো. রুহুল আমিন (কালিয়ারচর), মো. জয়নাল আবেদিন, মো. অহিদ উল্লাহ, পীযূষ সাহা, সঞ্জিত নাহাসহ চান্দিনার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীরা।
সভায় আইন মেনে ওষুধের ব্যবসা পরিচালনা, বৈধ উৎস থেকে ওষুধ সংগ্রহ, মেয়াদ ও মান যাচাই, যথাযথ পরিবেশে ওষুধ সংরক্ষণ এবং সাধারণ মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওষুধের অপব্যবহার ও অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২