দূষিত বাতাস, ঘন কুয়াশার কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
শীতের আগমনী বার্তার সঙ্গে পাকিস্তানের ক্রিকেটে এবার বাধা হয়ে দাঁড়াল ঘন কুয়াশা ও বায়ু দূষণ। প্রতিকূল আবহাওয়ার কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।
মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ নভেম্বর থেকে ম্যাচটি শুরু হবে। লাহোরের ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ফলে সিরিজের দুই টেস্টই অনুষ্ঠিত হচ্ছে রাওয়ালপিন্ডিতে।
এদিকে সিরিজের প্রথম টেস্টেও একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের প্রথম দুই দিন শেষে চালকের আসনে স্বাগতিক পাকিস্তান। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ব্যাট হাতে অর্ধশতকের দেখা পেয়েছেন তায়্যব আরিফ, মোহাম্মদ তাহা, অধিনায়ক বাবর আজম, সৌদ শাকিল ও অলরাউন্ডার আরাফাত মিনহাস। জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কার।
তবে ভেন্যু পরিবর্তনের ঘটনা পাকিস্তানে নতুন কিছু নয়। এর আগেও মৌসুমি বায়ু দূষণের কারণে একাধিকবার ক্রিকেটের ভেন্যু বদলাতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ২০২০ সালের নভেম্বরে পাকিস্তান-জিম্বাবুয়ে সাদা বলের সিরিজ লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছিল। দুই বছর পর ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ মুলতান থেকে করাচিতে স্থানান্তর করেছিল পিসিবি।
