যুব এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। আর ৮ উইকেটে আফগানিস্তানকে পরাজিত করে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদল শিরোপার লড়াইয়ে আগামী শনিবার পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।
সেমিফাইনালে বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকেন ফরিদ হাসানরা। উইকেট পতনের ধারা থামাতে না পারায় মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আর মুহি। ২৬ রান করেন রাকিবুল হাসান। আর আল রাফির ব্যাট থেকে আসে ২০ রান।
রান তাড়ায় নেমে পাকিস্তানের দুই ওপেনারই দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। দুজন মিলে গড়েন ১২৩ রানের জুটি। ফিফটি পূরণের পর ৬৯ রানে আউট হন হায়াম খান। পরে আব্দুল কাদিরকে নিয়ে জয় নিশ্চিত করেন আরেক ওপেনার উসমান খান। তিনি অপরাজিত থাকেন ৬৪ রানে।
আরেক সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তারা তোলে ২২৭ রান। ফিফটির দেখা পেয়েছেন নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি। দুজনই ৫১ রান করে করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতে ১১৭ রানের উদ্বোধনী জুটি এনে দেন লক্ষয় রাইচন্দন ও আর্যবীর শেবাগ। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। ৯০ বলে ৯৩ রান করেন রাইচন্দন। আর ৫৭ বলে ৫১ রান করেন শেবাব।
এরপর ইয়াসবর্ধন চৌহানকে নিয়ে জয় নিশ্চিত করেন ভিকে ভিনেথ। ফিফটি পূরণের পর ৫৭ রানে অপরাজিত থাকেন ভিনেথ। আর ১৬ রানে অপরাজিত থাকেন চৌহান।
