শান্তিরঞ্জন ভৌমিক ।।
গুজবের কোনো হাত-পা নেই, তার কোনো অবয়বও নেই। গুজবের জন্মভিটা মানুষের মুখ, উৎপত্তি-অসুস্থ মস্তিস্ক থেকে। সেজন্য তার শক্তি বায়বীয়। এখন তা অনেকটাই প্রযুক্তির নির্ভর। বিশেষত মোবাইল নামক ফেইসবুক হচ্ছে গুজবের রাজ্য, এখানে তার রাজত্ব বাধাহীন, স্বাধীন।
মোবাইলে বলা হলো- নভেম্বরের ৪ তারিখ সকাল ৮টা থেকে ৭ তারিখ বিকেল ৪টা পর্যন্ত সমগ্র বাংলাদেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ১লা নভেম্বর গুজবটি মোবাইলে নানা মাত্রায় প্রচারিত হলো। বাংলাদেশের আপামর জনগণ তা বিশ^াস করে ৪দিন গ্যাস ছাড়া কীভাবে চলবে- এ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগটি নিল কারা ? সিলিন্ডারের গ্যাসের দাম বেড়ে গেল, নানা ধরনের চুলাক্রয়ে সাধারণ মানুষের ছুটাছুটি শুরু হয়ে গেলো, চারদিনের খাবার সংগ্রহের জন্য হন্যে হয়ে বাজারে হুমড়ি খেয়ে জিনিসপত্র কিনতে থাকলো। সে এক মহাকাণ্ড। গ্যাস কোম্পানিগুলো তিন তারিখ বিকেল বেলায় ফেইসবুকে জানান দিলো যে খবরটি সর্বৈব মিথ্যা গুজব। প্রশ্ন- যখন ১ তারিখ মোবাইলে গুজবটি প্রচারিত হলো, তখন কেন ভুয়া খবরটিকে স্তব্ধ করে দেয়া হলো না ? তাহলে...। অনেক কথা বলার ছিল, বলব না। কারণ, না বলাই প্রতিবাদ ও ঘৃণা।
তাই গুজব নিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই। গুজবের আভিধানিক অর্থ হলো ভিত্তিহীন রটনা। অর্থাৎ যে বিষয়ের সত্যতা নেই, মূল্যহীন এবং কল্পনা-প্রসূত তা-ই গুজব। গুজবের শুরু আছে শেষ নেই এবং একসময় শক্তিশালী প্রচারণার হাতিয়ার। জানা মতে টাকা খরচ করে, অসম্ভব শ্রমব্যয় করেও একটা সময় কিছু লোক গুজবকে ভাইরাসের মতো ছড়িয়ে দেয়, আনন্দ পায়, উৎসাহবোধ করে, অন্যকে প্ররোচিতও করে। এ এক মহাকাণ্ড, কখনও কখনও মহামারিও বটে।
ছোটবেলাকার কথা। আমাদের গ্রামের বাড়ি যেখানে তা একটি জঙ্গলাকৃত জনপদ। পাড়াটিতে ১৮টি বাড়ি, ৪২টি পরিবার, এক একটি বাড়িতে ৩ থেকে ৬ পরিবার বাস করে। প্রতিবাড়ির নিজস্ব পুকুর আছে। আর এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হলে জঙ্গলের ভেতর দিয়ে সরু পথ ধরে যেতে হয়। রাতের বেলা চলাচল সীমিত। জঙ্গলে শিয়াল-বাঘদাস-সজারুসহ নানা জাতীয় পশু, নানা রংয়ের পাখি, পরিচিত সাপ তো আছেই, আছে শতাধিক বানর, যাদের অত্যাচারে প্রতিটি পরিবার অতিষ্ঠ। তাদের কথা বললে মহাভারত হয়ে যাবে। তবে আমরা তাদের নিয়ে চলাফেরায় অভ্যস্ত। অভিমান করার অবকাশ নেই।
আমাদের বাড়ির পূর্ব-পশ্চিমে দুটি পুকুর, ছয় পরিবারের বাস। মাস্টার বাড়ি। পশ্চিম পুকুরের দক্ষিণ পাড় দিয়ে যাতায়াত, পশ্চিমে একটি জঙ্গল, তারপর শীলদের (নাপিত) পুকুর ও পশ্চিমপাড়ে ৪ পরিবারের বাস। তারা জাত ব্যবসা তথা নাপিতগিরি পেশায় জীবিকা নির্বাহ করে, বিষয় সম্পত্তি কমবেশি আছে। বাড়ির কর্তা নবীন শীল। তার পাঁচ ছেলে। ছোটছেলের নাম গোপাল। নবীন শীল দূর গ্রাম থেকে স্বজাতিঘর থেকে মেয়ের সঙ্গে গোপালের বিয়ে দিয়েছে।
গোপালের বউ পোয়াতি (অন্ত:সত্ত্বা)। সময়কালে অর্থাৎ যথাসময়ে সন্তান প্রসব করে, ধাই হলো জনুর মা (জয়নালের মা)। বাচ্চা প্রসবের পর বাড়ির মেয়ে ছেলেরা জিজ্ঞাসা করে- ‘জনুর মা- বাচ্চা ছেলে না মেয়ে ?’ সে জানায়- ‘ছেলে গো, একেবারে বান্দরের মতো।’ আর যায় কোথায়।
গোপাল শীলের বউ এর ঘরের বান্দরের (বানরের) মতো ছেলে হয়েছে, এ মুখ থেকে বহুমুখ হয়ে শেষ পর্যন্ত পাড়া-গ্রাম-দূর গ্রামে ছড়িয়ে পড়ে যে, নবীনশীলের ছেলে গোপাল শীলের বউ-এর ঘরে বান্দর জন্ম নিয়েছে। পাড়ার সবার একবার করে দেখা হয়ে গেছে, বিশেষত মেয়ে লোকের সংখ্যাই বেশি। রীতিমত নবীনশীলের পরিবার অত্যন্ত মনেকষ্টে দিন কাটাচ্ছে। গোপাল শীল বের হলেই লোকে বলে ‘বান্দরের বাপ।’
এরই মধ্যে এক অভিনব ঘটনা ঘটে যায়। শীলবাড়ির উত্তরে বিশাল জঙ্গল। এখানেই বানরের সমাগম বেশি। বিশাল জঙ্গলের ভেতর দিয়ে চলার পথ আছে, তার উত্তরে সন্তোষ-মতি-অবনী-পাউন্যা নিশি-শশি ও কুমুদ শীলের বাড়ি। মইত্যা মা (মতিলালের মা) মাতঙ্গিনী দেবী- (এ নামে কেউ চিনে না, চিনে মইত্যার মা হিসেবে) বলে বেড়ায়-শীলবাড়ি লোকেরা তো বাড়ির উত্তরে জঙ্গলেই ঘর-বাইর অর্থাৎ প্রকৃতিরকাজ করে থাকে, আর বান্দরের যা স্বভাব-চরিত্র কী ঘটনা থেকে কী ঘটনা ঘটে গেছে তা কি কেউ বলতে পারে ? যেন পেট্রোল ঘরে আগুন দেয়া, দাউ দাউ করে আকাশমুখী ধুয়াসহ আগুনের লেলিহান জিহ্বা চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই যেন নিশ্চিত হলো- গোপালের বউ বান্দরই জন্ম দিয়েছে। মহিলার অবস্থটা বুঝুন এবার। রাস্তাঘাটে- বাড়ি বাড়ি- হাটবাজারে একই কথা- মানুষ বান্দর জন্ম দিয়েছে, এই বান্দরের বাচ্চা অবশ্যই বানরের ঔরসজাত ইত্যাদি সব।
পাড়া উত্তর পাশে ধরবাড়ি। যতীন্দ্রনাথ ধর স্কুল শিক্ষক। তিনি আমারও শিক্ষক। মেট্রিক পাশ। হোমিওপ্যাথি ডাক্তারিও করেন। তাঁর একটি অভ্যাস দিনে একবার হলেও পাড়াটি ঘুরে বেড়ান, আমাদের লেখাপড়ার খোঁজখবর নেন, অন্যদের অসুখবিসুখ তত্ত্বতালাশি করেন। তাঁর কানে গোপাল শীলের ছেলের কথা পৌঁছেছে। তিনি যুক্তিবাদি এবং সমব্যথী সজ্জন। তবু অনেকেই তাঁকে এড়িয়ে চলেন। কারণ, তাঁর নাকি ‘মুখদোষ’ আছে। অর্থাৎ ভালো বললে খারাপ হয়ে যায়, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, গরুর দুধ কমে যায়, ভালো ছাত্রকে প্রশংসা করলে সে ছাত্র অমনোযোগী হয়ে যায়। এগুলো কুসংস্কার বৈ তো কিছু নয়।
যতীন স্যার গোপাল শীলের বান্দর ছেলের কথা শুনে সোজা শীল বাড়িতে চলে আসেন। এসেই নবীন শীলকে ডেকে বলেছেন- ‘নবীন, কী কথা শুনি। আমাকে বাচ্চাটা দেখাতে পারো ?’ লজ্জিত নবীন শীল দায় পড়ে কচি বাচ্চাটিকে কোলে করে নিয়ে আসে। যতীন স্যার ভালো করে দেখে বলেন- ‘এ বাচ্চা যদি বানর হয়, তার লেজ কোথায় ? শরীরের লোম (পশম) কোথায় ? শুধুমাত্র দেখতে প্রায় বানরের মতো হলেও প্রকৃতগত কারণে এ আকৃতি পেয়েছে। শিশুটি বানর বা বানরের বাচ্চা নয়। মানুষ আর বানর একই প্রজাতি, তাতে মিল থাকতেই পারে। নবীন, আমি আছি, তুমি প্রতিবাদ করো। এমনিতেই মানুষ আগ্রহ কমে যাবে। মিথ্যা সব রটনা।’
নবীন শীল ও তার ছেলে গোপাল মনে জোর পেলো। যতীন স্যারের কথা পাড়ায় রটে গেল। গোপাল গোপনে আলোচনা করলেও প্রকাশ্যে আর কেউ বলতে সাহস পাচ্ছেনা। কারণ, যতীন স্যারের সিদ্ধান্ত (সতোয়া)।
পরিবেশ যখন অনেকটা কমে গেছে, একদিন রাত্রে গোপাল শীল তার বউকে বলে- ‘বউ, আসলে ঘটনাটি কি আমাকে বলো তো।’ বউ ভেউ ভেউ করে কেঁদে উঠল। চীৎকার করে বলতে লাগল- ‘শেষ পর্যন্ত তুমিও?’ আজই আমি গলায় দড়ি বাঁধব।’ গোপাল নিরুপায় হয়ে বউকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বলে, লোকের যন্ত্রণায় মাথা ঠিক ছিল না। লোকে আমাকে ‘বান্দরের বাপ’ কয়। ‘তুই মরে গেলে আমি বাঁচব না, বাচ্চা বাঁচবেনা। সে আমাদের সাত রাজার ধন।’
হায়রে গুজব। তুমি মানুষ হাসালে, মানুষ কাঁদালে, মানুষভজালে, মানুষ মজালে, মানুষের মনকেও রাঙালে। কত রঙ দেখাবি আর। তাই বলি- গুজবে কান দিবেন না, গুজব বিশ^াস করবেন না, গুজবে মানুষকে ছোট করবেন না। সে একসময় আপনার দিকেও ধেঁয়ে আসতে পারে। হুশিয়ার ! সাবধান।
