নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লার বারপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ওহেদুর রহমান চৌধুরী, মেম্বার পদপ্রার্থী মো. দুলাল মিয়া এবং মহিলা মেম্বার পদপ্রার্থী এবি মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায়। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। আমি চাই, বারপাড়াসহ প্রতিটি এলাকায় নিয়মিত এমন ক্রীড়া আয়োজন হোক। তরুণদের ভালো কাজ ও ইতিবাচক উদ্যোগে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।”
এ সময় অতিথিরা আয়োজক, খেলোয়াড় ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তাঁরা তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
