কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচন সহ চার দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেছেন তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের বিকাশ, অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) কার্যকর ও প্রতিনিধিত্বশীল শিক্ষার্থী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ফলে কুকসুর প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র দ্রুত সময়ের মধ্যে অনুমোদন, গঠনতন্ত্র অনুমোদনের পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ রোড ম্যাপ ও সময়সূচি প্রকাশ, নির্বাচনের লক্ষ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য ও দায়িত্বশীল নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের যাবতীয় কার্যক্রমে সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণের সুযোগ ও প্রার্থীদের সমান অধিকারের পরিবেশ সৃষ্টি করা- এই চার দাবি জানান তারা।
এ বিষয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন ইফতি বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক প্রতিনিধি শূন্যতা দূর করতে আমরা অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন দাবি করছি।"
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, "ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। এটি একটি গণতান্ত্রিক অধিকারও। নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরাই প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশ্ববিদ্যালয়ের খাবার সংকট, গবেষণার সুযোগের অভাব ও বিভিন্ন খাতে বরাদ্দের সংকট নিরসনে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার অন্যতম মাধ্যম হলো ছাত্র সংসদ।"
প্রসঙ্গত, ২৪ এর জুলাই আন্দোলনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠলে গত বছরের ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কুকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ করা হয়।
