ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা নগরী গড়ে তোলার লক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন দেশের প্রখ্যাত স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।
মঙ্গলবার (৩ নভেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এ পরিদর্শনের আয়োজন করা হয়।
এ সময় নগরীর বর্তমান অবকাঠামো, পরিবেশ, নাগরিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে পর্যবেক্ষণ ও আলোচনা করা হয়।
কুমিল্লা নগরীকে আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যানভিত্তিক দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, তাঁর লক্ষ্য একটি পরিকল্পিত, আধুনিক, সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কুমিল্লা নগরী গড়ে তোলা, যা আগামী প্রজন্মের জন্য সুন্দর ও টেকসই আবাসস্থল হিসেবে গড়ে উঠবে।
