নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে মিলেছে গ্যাসের সন্ধান। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
ভোক্তা পর্যায়ের হিসাবে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বাপেক্সের কর্মকর্তারা। সোমবার (২ নভেম্বর) দুপুরে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বাপেক্স।
বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ওপর ভিত্তি করে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।
বাপেক্স জানায়, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন করা হয়। কূপটির দুটি জোনে মিলেছে গ্যাসের সন্ধান। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।
সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস প্রাপ্তির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই গাসের পাশাপাশি তেল বা কোনও পদার্থ রয়েছে কিনা, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্টশেষে নিশ্চিত হওয়া যাবে।’
