নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফলসংক্রান্ত তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। উত্তীর্ণদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন।
এ বছর জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৮২১ জন এবং ছেলে ৪৯২ জন। মেয়েদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭০৭ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৩৯৪ জন।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১৫টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
