পাবনার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বিলে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম।নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুরা গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় জুমার নামাজের পর মালঞ্চির বিভিন্ন এলাকার কয়েকজন সোনাপাতিল বিলের গোপিনাথপুর অংশে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হলে তারা বিলের একটি ছাউনিতে আশ্রয় নেন। পরে ওই ছাউনিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছয়জনই ঘটনাস্থলে মারা যান।বাকি দুজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশকিছু সময় পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।ওসি তারিকুল ইসলাম বলেন, ‘তারা মাছ ধরতে ওই বিলে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে এত বড় প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
