
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ দল। এমন উইকেটে লড়াইয়ের পুঁজি হলেও বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চতুর্থ ইনিংসে লড়াই করতে না পারার জন্য বোলারদের দায় দিয়েছেন শান্ত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১৭০ হওয়ার পর আমাদের বিশ্বাস ছিল, এই রান ডিফেন্ড করা সম্ভব। উইকেটের যে অবস্থা ছিল, তাতে সেটা সম্ভব মনে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়নি। অবশ্যই ওদের কৃতিত্ব দিতে হবে। তবে আমি বলব, এই উইকেটে আমরা আরেকটু ভালো বোলিং করতে পারতাম। আমরা খুব বেশি ভালো বল করিনি।’
খুব সহজেই প্রতিপক্ষ রান তোলার সুযোগ পেয়েছে মনে করেন শান্ত, ‘আমার কাছে মনে হয়, লেংথটা আমরা খুব ভালোভাবে ধরতে পারিনি। একটু এলোমেলো ছিল। বিশেষ করে চতুর্থ ইনিংসে ওদের ব্যাটিং দেখেন, আমরা মাত্র দুটি উইকেট নিয়েছি। এই জায়গায় ম্যাচ হারলেও অন্তত সাত-আটটি উইকেট নিতে পারলে হয়তো বুঝতাম, আমরা রানটা অনেক কম করেছি। কিন্তু এই জায়গাটায় আমার মনে হচ্ছে একটু এলোমেলো ছিল।’
এই ম্যাচে পাঁচটি রিভিউ আম্পায়ারস কল হয়েছে আর সবগুলোই বাংলাদেশের বিপক্ষে গেছে। অধিনায়ক বলেন, ‘আপনি যখন ১৭০ রানের লক্ষ্য দেবেন, তখন পাঁচটি আম্পায়ার্স কলের মধ্যে তিনটি আপনার পক্ষে দরকার হবে। দুর্ভাগ্যজনকভাবে আজ সেটা হয়নি। এটা ক্রিকেটের অংশ। আম্পায়ারকে দোষও দিতে পারবেন না। ধরে নিতে হবে, আমাদের ভাগ্যে ছিল না। তবে শুরুতেই যে আউটটা আমরা পাইনি, সেটা পেলে হয়তো অন্য রকম মোমেন্টাম পেতাম। কিন্তু এটাকে অজুহাত দিতে চাই না।’
