মাদক ও কিশোর গ্যাংয়ে জড়িত ‘গডফাদারদের’ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে পুলিশ সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভিডিওকলে যুক্ত ছিলেন বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে মানবিক আচরণ করার নির্দেশনা দেন তিনি। সেইসঙ্গে ডাকাতি মামলা রেকর্ড ও ঘটনা দ্রুত উদঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশও দেন তিনি।
ধর্ষণ মামলা নিয়ে অতিরিক্ত আইজিপি সায়েদুর বলেন, “এসব মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যাতে বিচারে সাজার হার বাড়ে।”
সভায় গত সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার নিয়ে আলোচনা হয়।
