বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
পদুয়ার বাজার ইউটার্নে ঝরছে তাজা প্রাণ
বিকল্প ইউলুপের কাজ বন্ধ, ঝুঁকিতে হাজারো যাত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২২.১০.২০২৬ ১২:৫৪ এএম |

পদুয়ার বাজার ইউটার্নে ঝরছে তাজা প্রাণ
সদর দক্ষিণ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ইউটার্নটি দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই ইউটার্নে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী ও পথচারী। অথচ দুর্ঘটনা কমাতে বিকল্প হিসেবে নির্মাণাধীন ইউলুপের কাজ বন্ধ থাকায় বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা।
স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার এই ইউটার্ন দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ঢাকা ও চট্টগ্রামমুখী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি ও স্থানীয় যানবাহনের চাপে এলাকাটি ব্যস্ততম সড়ক অংশে পরিণত হয়েছে। এছাড়াও কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের যাত্রীবাহী এবং পন্যবাহী যানবাহনগুলো এই ইউটার্ন হয়েই চলাচল করতে হয়। ইউটার্ন দিয়ে যানবাহন পারাপার ও দিক পরিবর্তনের সময় প্রায়ই তৈরি হচ্ছে সংঘর্ষের ঝুঁকি। বিশেষ করে দ্রুতগতির যানবাহনের চলাচল এবং ইউটার্ন ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।
এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ইউটার্ন ঘিরে দুর্ঘটনার ঝুঁকি থাকলেও স্থায়ী সমাধানের কার্যকর অগ্রগতি দৃশ্যমান নয়। বিকল্প ইউলুপ নির্মাণের কাজ অনেকটা দৃশ্যমান হলেও দীর্ঘদিন যাবত কাজ বন্ধ থাকায় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত কাজ শেষ করে বিকল্প পথটি চালু করা গেলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মহাসড়কে চলাচলকারী যাত্রীদের ভাষ্য, প্রতিদিন এই পথ ব্যবহার করতে গিয়ে আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে গণপরিবহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর সাময়িক তৎপরতার পরিবর্তে স্থায়ী ও কার্যকর সমাধান চান তাঁরা।
সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তিরা মনে করেন, দুর্ঘটনাপ্রবণ এই স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং দ্রুত বিকল্প ইউলুপের নির্মাণকাজ সম্পন্ন করা জরুরি।
এলাকাবাসী ও যাত্রীদের দাবি, আর কোনো প্রাণহানির অপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নের ঝুঁকি নিরসনে কার্যকর উদ্যোগ নেয়। একই সঙ্গে বন্ধ থাকা বিকল্প ইউলুপের নির্মাণকাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা।
জনগণের প্রত্যাশা, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, বন্ধ থাকা ইউলুপের কাজ শেষ হবে এবং পদুয়ার বাজার ইউটার্নে দুর্ঘটনা ও প্রাণহানি কমবে এমনটাই প্রত্যাশা করছেন অনেকে।
স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাহাবুব আলম চৌধুরী বলেন, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের ইউটার্নটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। এখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝরছে তাজা প্রাণ। দুর্ঘটনায় ভাগ্যক্রমে কেউ বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করছে অনেকে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা প্রয়োজন। পাশাপাশি, দুর্ঘটনা রোধে বিকল্প হিসেবে নির্মাণাধীন ইউলুপের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মোঃ রুহুল আমিন বলেন, মহাসড়কে ইউটার্ন ব্যবহারের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক ও সচেতন হতে হবে। মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেন, দুর্ঘটনা রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের ইউটার্নটি নতুন করে নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নকশা অনুযায়ী এটি বাস্তবায়ন করা হলে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২