প্রদীপ মজুমদার :
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবের আবহকে আরও আনন্দমুখর করে তুলতে কুমিল্লার লালমাই উপজেলায় চারটি পূজামন্দিরে মোট ৪০ হাজার টাকা অর্থ উপহার দিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় মহানবমী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মন্দিরগুলোতে গিয়ে আয়োজক কমিটির হাতে এ অর্থ তুলে দেন।
প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে মোট চারটি মন্দিরে এ অর্থ উপহার দেওয়া হয়। মন্দিরগুলো হলো—পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর সিদ্ধেশ্বরী কালী বাড়ি দুর্গা মন্দির, পঞ্চগ্রাম যুব সংঘ, ত্রিনয়নী যুব সংঘ এবং ভোরা খলিলপুর বাউল গোসাই আশ্রম।
মহানবমীর সন্ধ্যায় মাহফুজুর রহমানের এ উদ্যোগকে কেন্দ্র করে মন্দিরগুলোতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মন্দির কমিটির সদস্যরা তাঁকে সাদরে গ্রহণ করেন এবং উৎসবের এ আয়োজনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যাশার মধ্য দিয়ে লালমাইয়ের মন্দিরগুলোতে মহানবমীর উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মোল্লা, পেরুল উত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের, শামীম ইকবাল, ওয়ার্ড মেম্বার দীলিপ সিংহ, মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাশ। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
