
সারা দেশে আজ (মঙ্গলবার) থেকে চলছে ছুটির আমেজ। যদিও ক্রীড়াঙ্গন ব্যস্ত সময় পার করছে। ঢাকায় চলছে আন্তর্জাতিক হ্যান্ডবল। এদিন তিন ভেন্যুতে ফেডারেশন কাপের তিনটি ম্যাচ হয়েছে। বসুন্ধরা কিংসের (২-০) জয়ের দিন ঢাকা মোহামেডান (পিডব্লিউডি’র সঙ্গে ১-১) ড্র করেছে। আরামবাগ-ওয়ান্ডারার্স ম্যাচও শেষ হয়েছে সমতায়।
মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ১৭ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনকে নিজেদের বক্সে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। রেফারি আলমগীর সরকার পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে লিড এনে দেন রবসন। মিনিট দুয়েক পর সিটি ক্লাবের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নকে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। রাকিব হোসেনের শট গোলরক্ষক ইসহাক আংশিক সেভ করেন। ফিরতি বল হেডে জালে পাঠান কিংসের নাইজেরিয়ান ওমেকা ওগবুগ।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান পিডব্লুউডির বিপক্ষে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেছে। মোহামেডান গোল পেয়েছে ৬১ মিনিটে। ফয়সাল আহমেদের বাড়ানো লম্বা পাসে দারুণ দক্ষতায় গোল করেন সুলেমান দিয়াবাতে। ১৫ মিনিট পর পিডব্লুডিকে দুর্দান্ত এক ওভারহেড কিকে সমতায় ফেরান ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মাবিদা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স ম্যাচ ২-২ গোলের সমতায় শেষ হয়েছে।
ফেডারেশন কাপের ম্যাচগুলো বিকেল পৌনে ৩টায় শুরু হয়েছে। পৌনে পাঁচটার আগেই শেষ হয়েছে খেলা। দেড় ঘণ্টা পর ফেডারেশনের মিডিয়া আনুষ্ঠানিক ফলাফল ও ছবি সরবরাহ করেছে। এর কিছুক্ষণ আগে অবশ্য ফেসবুক পেজে ছবি পোস্ট করেছে। ফেডারেশন কর্তারা মিডিয়ার কাছে লিগের প্রচার-প্রসারের সহযোগিতা চান, অথচ তারাই সঠিক সময়ে তথ্য ও ছবি সরবরাহ করেন না।
