বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
টেনিসের তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২১.১০.২০২৬ ১২:৪৪ এএম |

টেনিসের তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ
টেনিস কোর্টেই তাদের পরিচয়। তারপর একই ছাদের নিচে থাকার সিদ্ধান্ত। কিন্তু মানসিক দ্বন্দ্বের সঙ্গে হেরে গিয়ে পাঁচ বছরের সম্পর্কের ইতি ঘটালেন এলিনা সভিতোলিনা ও গায়েল মনফিলস।
ইউক্রেনের শীর্ষ র‌্যাঙ্কিংধারী টেনিস তারকা সভিতোলিনা ফ্রান্সের মনফিলসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে কারণ জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত সংগ্রাম, যুদ্ধের প্রভাব ও বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন সভিতোলিনা।
এই টেনিস তারকা লিখেছেন, ‘আমার জীবনে বলা সবচেয়ে কঠিন বিষয় এটি। ইউক্রেন আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। কিন্তু যুদ্ধটা আমার ভেতরে কী প্রভাব ফেলেছে, তা নিয়ে আমি খুব কমই কথা বলেছি। আপনারা দেখেননি সেই ঘুমহীন রাতগুলো, সংশয়গুলো, আর ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি।’
সভিতোলিনা জানান, এই দুঃসহ দিনগুলোতে মনফিলস তাকে সমর্থন দিয়ে গেছেন। কিন্তু তার মানসিক দ্বন্দ্ব নিয়ে সমস্যা প্রকট হয়ে ওঠে। তিনি লিখেছেন , ‘গায়েল এই সবকিছু দেখেছিল। সে একবারও আমার হাত ছাড়েনি। আমরা দীর্ঘ সময় ধরে একসাথে এর বিরুদ্ধে লড়েছি, নিজেদের সর্বস্ব দিয়েছি। কিন্তু কিছু লড়াই মানুষের অন্তরের গভীরে সংঘটিত হয় এবং অন্য কারো ভালোবাসা দিয়েও সেই লড়াইয়ে জেতা যায় না।’
এই দম্পতির কোলজুড়ে এসেছে তাদের মেয়ে স্কাই। তাদের এই বিচ্ছেদের প্রভাব বাচ্চার ওপর পড়তে দেবেন না সভিতোলিনা, ‘স্কাই সবসময় সবার আগে থাকবে। আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু পরিবার না। আমরা সবসময় তার বাবা-মা থাকব এবং জীবনের সব পর্যায়ে তার পাশে থাকব।’ 
সভিতোলিনা সবাইকে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে এবং সেরে ওঠার জন্য সময় দিতে আহ্বান জানিয়েছেন। এই বছর তিনি তার ক্যারিয়ারে চতুর্থভার ডব্লিউটিএ ফাইনালে অংশ নেবেন। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক মৌসুমে ৫০ জয়ের কীর্তি গড়েছেন এই টেনিস তারকা।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২