নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি গোলাম সারোয়ার বলেছেন, সমাজের সকল স্তরের মানুষের মধ্যেই যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে সমাজে মাদকাসক্ত কিংবা কিশোর গ্যাংয়ের উৎপত্তি হতো না। কারণ কোনো ধর্মই মাদককে সমর্থন করে না। আর বর্তমানে মাদক থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি হচ্ছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ স্ব স্ব ধর্মীয় জ্ঞান অর্জন করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায়।
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমির রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে গোলাম সারোয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর পূজা বেশ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীরা বেশ আড়ম্বরপূর্ণ আয়োজনে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পালন করছেন। আমি আশাবাদী আরো সুন্দরভাবে তারা পূজা উদযাপন করতে পারবে এবং আমাদের সহযোগিতা থাকবে।
মোকাম ইউনিয়নে শান্তিপূর্ণ পূজা উদযাপনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা থানার ওসির সাথে কথা বলেছি- সেখান থেকে পর্যাপ্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, টহল দিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে যথেষ্ঠ সহযোগিতা করা হচ্ছে। আমার পক্ষ থেকে স্বেচ্ছাসেবকবাহিনী দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে দেখে আমি বেশ আনন্দিত।
মোকাম ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। সুখে-দুখে আমি আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। আপনাদেরকে আমি আমার পাশে চাই।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাকে পূজা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এসময় তিনি সকল পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
