মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
কুবির প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নেইঅ্যালামনাই অ্যাসোসিয়েশন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৩৬ এএম |

কুবির প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নেইঅ্যালামনাই অ্যাসোসিয়েশনএমদাদুল হক:
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে গড়ে উঠেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তবে প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও এখনো গড়ে ওঠেনি প্রাক্তন শিক্ষার্থীদের কার্যকর কোনো কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশের পর শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েন দেশ-বিদেশের বিভিন্ন পেশায়। সময়ের সঙ্গে বদলে যায় তাদের কর্মপরিধি, তৈরি হয় নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দুয়ার; তবে শিকড়ের টান থেকে যায় প্রিয় ক্যাম্পাসের প্রতি। সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই বন্ধন ধরে রাখা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করা সম্ভব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নেও সম্মিলিতভাবে অবদান রাখার পথ তৈরি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর ও স্থায়ী রূপ পায়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় দুটি সভার পর ফেসবুকে ৭১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। তবে অভিযোগ ওঠে, কমিটিটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে রূপ নেয়। এ নিয়ে সমালোচনার মুখে পরে কমিটিটি বিলুপ্ত করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে সামনে রেখে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনে নতুন করে উদ্যোগ নেওয়ার চিন্তা করা হলেও রাজনৈতিক বিরোধ ও প্রভাব বিস্তারের জটিলতায় তা আর বাস্তবায়িত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় সংগঠন না থাকলেও বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বিভাগে পৃথকভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ দেখা গেছে। চলতি বছর প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তবে বিভাগভিত্তিক এসব উদ্যোগের বাইরে বিশ্ববিদ্যালয়জুড়ে প্রাক্তন শিক্ষার্থীদের এক ছাতার নিচে আনার মতো কেন্দ্রীয় কাঠামো এখনো গড়ে ওঠেনি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যালোচনা করে কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোনো কার্যকর কাঠামো বা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট তথ্যভান্ডার পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন তথ্য থাকলেও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের জন্য কেন্দ্রীয় কোনো প্ল্যাটফর্মের তথ্য দৃশ্যমান নয়।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মতে, প্রাক্তন শিক্ষার্থীদের অর্জিত কর্ম-অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চাকরির প্রস্তুতি, জীবনবৃত্তান্ত তৈরি, সাক্ষাৎকারের কৌশল, উচ্চশিক্ষা ও পেশা নির্বাচন-বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের পরামর্শ বর্তমান শিক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে। পাশাপাশি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টার্নশিপ, চাকরি ও পেশাগত যোগাযোগের নতুন সুযোগও তৈরি হতে পারে।
অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসান বলেন, “নবীন শিক্ষার্থীদেরকে অ্যালামনাইরা অভিজ্ঞতা ও পরামর্শ, ক্যারিয়ার গাইডলাইন তৈরিতে সহযোগিতা করতে পারেন। আমাদের একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকলে
বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগ বাড়বে। ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের অ্যালামনাইদের কাছ থেকে চাকরি, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, ক্যারিয়ার ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক সম্পর্কে জ্ঞান লাভ পারবে।”
প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন আন্তজার্তিক র‌্যাংকিং এর ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সফলতা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়ের অভাব, নেতৃত্ব নিয়ে মতপার্থক্য এবং প্রশাসনিক জটিলতা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত প্রাক্তন শিক্ষার্থীদের তথ্যভান্ডার তৈরি, সব ব্যাচ ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় এবং একটি স্বচ্ছ গঠনতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাণ ফিরে পাবে।
রসায়ন বিভাগের ১১তম আবর্তনের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আউয়াল বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সহযোগিতা, মেন্টরশিপ ও নেটওয়ার্কিং তৈরির কাজ করতে পারে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ও সামাজিক কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানো সম্ভব। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম গুরুত্বপূর্ণ।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের প্রাক্তন শিক্ষার্থী বিল্লাল হোসেন স্বাধীন বলেন, “একটি কার্যকর কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠলে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরা প্রাক্তনদের কাছ থেকে ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ, চাকরির সুযোগ ও মেন্টরশিপের মতো সুবিধা পেতে পারে। তবে সংগঠন গঠনের ক্ষেত্রে সমন্বয়ের অভাব, নেতৃত্ব নিয়ে মতপার্থক্য ও প্রশাসনিক জটিলতা বাধা হয়ে দাঁড়াতে পারে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত প্রাক্তন শিক্ষার্থীদের তথ্যভান্ডার তৈরি, সব ব্যাচ ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় এবং স্বচ্ছ গঠনতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করে একটি আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদেরও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।”
অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে গবেষণা সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কাউছার আহমেদ পাটোয়ারী বলেন, “সাবেক শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশান করে গবেষণা করলে
আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা সম্ভব। তাই একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।”
কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “শিক্ষার্থীরা চাইলে স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক উদ্যোগ নিবে। প্রস্তাবটি শিক্ষার্থীদের কাছ থেকেই আসুক। শিক্ষার্থীরা যোগাযোগ করলে আমরা সহযোগিতা করব। আমরা এমন একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন চাই, যারা বিভাগের কারিকুলামে পরামর্শ দেবে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় প্লেসমেন্টে সহযোগিতা করবে।”
তিনি আরো বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকাটা জরুরি। আমাদের র‌্যাঙ্কিং উন্নয়নের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। তাই এখন একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনও প্রয়োজন।”

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২