মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
৭ গোলের জয়ে আলপনার ৭ বছরের ক্ষতে প্রলেপ
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৩২ এএম |

৭ গোলের জয়ে আলপনার ৭ বছরের ক্ষতে প্রলেপ
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরার চেষ্টা করেছিল নেপাল। তবে বাংলাদেশের কৌশলী আক্রমণ ও দৃঢ়তার সামনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগেই ১৩-৯ গোলের লিড ছিল বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। 
বাংলাদেশের এই দাপুটে জয়ে বড় অবদান আলপনা আক্তারের। ৭ গোল করে ম্যাচ সেরা হয়েছেন আলপনা। মিষ্টি খাতুন ও শ্যামলী মিং দুজনই করেছেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি ৫ গোল, সায়মা জান্নাত সীমা করেছেন ৪টি। এ ছাড়া মাসুদা আক্তার ২টি এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন ১টি করে গোল।
২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের সেই ক্ষত এখনও তাজা আলপনা আক্তারের মনে। আজ ঢাকার কোর্টে সেই পুরোনো ক্ষোভকেই শক্তিতে রূপান্তর করলেন তিনি। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর আলপনার কণ্ঠে ফুটে ওঠে সেই পুরোনো হিসেব চুকানোর তৃপ্তি। তিনি বলেন, ‘আসলে আমার অনেক ভালো লাগছে। উনিশে আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা আমার মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতব, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তা-ই হয়েছে, আমরা জিততে পেরেছি।’
ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাকিবা জান্নাতকে। দলের শক্তি কিছুটা কমলেও সতীর্থদের মনোবল ভাঙতে দেননি আলপনা। সেই মুহূর্তের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে আলপনা বলেন, ‘সাকিবা যখন লাল কার্ড পেল, তখন আমাদের মনোবল কিন্তু ভেঙে পড়েনি। আমি সবাইকে উৎসাহ দিয়ে বলেছিলাম—না, ও যে লাল কার্ড পেয়েছে, আমরা ম্যাচ জিতেই সেটার প্রতিশোধ নেব। ইনশাআল্লাহ আমরা তা নিতে পেরেছি।’
নতুন স্প্যানিশ কোচ আনা আলোনসোর অধীনে জাতীয় দলের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বিদেশি এই কোচের অধীনে দলের কৌশলগত উন্নতির কথা জানিয়ে আলপনা বলেন, ‘আগের চেয়ে আমাদের ডিফেন্স অনেক ভালো হয়েছে। আগে আমাদের রক্ষণভাগ তেমন একটা ভালো ছিল না। এখন ডিফেন্স ও অ্যাটাক—উভয় বিভাগেই আমরা ভালো করছি। হেড কোচ অনেক ভালো, পাশাপাশি আমাদের ডালিয়া আপাও (সহকারী কোচ) চমৎকার।’
উদ্বোধনী ম্যাচে বড় জয়ে শুরু হলেও সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা। আগামীকালই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আলপনা বলেন, ‘এই ম্যাচটা অনেক ভালো লেগেছে, আমরা সবাই খুব ভালো খেলেছি। কালকে আমাদের ভারতের সাথে খেলা, সেখানেও অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২