কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন এবং কনস্টেবল (নং ২১৬৬) রহিত দেওয়ান।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির অধীন নারায়ণপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এই সৌজন্য ও আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা আটক দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরকালে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন। বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন ও ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। হস্তান্তর প্রক্রিয়া শেষে দুই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে ঢুকে পড়েন থানার দুই পুলিশ সদস্য। এরপর স্থানীয়রা তাদেরকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি টহল দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দলটি আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি ভারতের সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে। তাঁকে ধরতে পেছনে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান।
ধাওয়ার একপর্যায়ে রোহিত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গেলে সেখানে থাকা কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন। পরে তাঁকে ছাড়াতে এগিয়ে গেলে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেনকেও আটকে রাখা হয়। এরপর ভারতীয় নাগরিকেরা দুই পুলিশ সদস্যকে বিএসএফের হাতে তুলে দেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় দুই পুলিশ সদস্য ভারতের অংশে চলে যান। পরে ভারতীয় নাগরিকেরা তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।
পরবর্তীতে শুক্রবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনা হয়েছে।
