পবিত্র কোরআনের ৯৫তম সুরা আত-তিন। আট আয়াতের এই সুরায় আল্লাহ তাআলা ডুমুর ও জলপাই, তুর পর্বত এবং নিরাপদ নগরীর শপথ করে মানুষকে তার সৃষ্টিগত মর্যাদা, নৈতিক অবক্ষয় এবং মুক্তির পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। ছোট এই সুরায় মানুষের জীবন ও কর্মের জন্য রয়েছে গভীর তাৎপর্য।
সুরা আত-তীনের চতুর্থ আয়াতে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। (সুরা আত-তিন, আয়াত: ৪)
মানুষকে আল্লাহ তায়ালা বিবেক, বুদ্ধি ও ভালো-মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা দিয়েছেন। এই মর্যাদা শুধু বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য গ্রহণ, ন্যায় প্রতিষ্ঠা এবং সৎকর্ম করার সামর্থ্যও এর অন্তর্ভুক্ত। তাই মানুষের উচিত নিজের মর্যাদা উপলব্ধি করে অন্যের প্রতি সম্মানজনক আচরণ করা। অহংকার, অন্যায় ও অনৈতিকতা মানুষের এই মর্যাদাকে ক্ষুণ্ন করে।
সুরার পরের আয়াতে বলা হয়েছে, মানুষকে নিকৃষ্ট অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান। (আয়াত: ৫-৬)
এখানে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে। আল্লাহর দেওয়া বিবেক ও সামর্থ্য কাজে লাগিয়ে মানুষ যেমন উন্নত চরিত্রের অধিকারী হতে পারে, তেমনি অন্যায় ও পাপের পথে গিয়ে নিজের অবস্থানও নষ্ট করতে পারে। শুধু বংশ, সম্পদ, পদমর্যাদা কিংবা বাহ্যিক পরিচয় মানুষকে প্রকৃত সম্মান দিতে পারে না। ঈমানের সঙ্গে সৎকর্মের সমন্বয়ই মানুষের জীবনে প্রকৃত সাফল্যের পথ তৈরি করে।
ঈমানের দাবি শুধু মুখে স্বীকার করার মধ্যে সীমাবদ্ধ নয়। সততা, আমানতদারি, মানুষের অধিকার রক্ষা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং অন্যায় থেকে বিরত থাকার মধ্য দিয়ে বিশ্বাসের বাস্তব প্রকাশ ঘটে। কর্মক্ষেত্র, ব্যবসা, পরিবার কিংবা সামাজিক জীবনে একজন মানুষ কতটা ন্যায়পরায়ণ, তা তার চরিত্রের পরিচয় বহন করে।
সুরা আত-তিনের শিক্ষা হলো, মানুষের প্রতিটি কাজের সঙ্গে তার বিশ্বাস ও নৈতিকতার সম্পর্ক রয়েছে। তাই ব্যক্তিগত জীবনে যেমন সৎ থাকা জরুরি, তেমনি অন্যের প্রতি দায়িত্বশীল আচরণ করাও গুরুত্বপূর্ণ।
সুরার শেষাংশে আল্লাহ তায়ালা প্রশ্ন করেছেন, ‘আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?’ (আয়াত: ৮)
এই আয়াত মানুষকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার সব কাজেরই জবাবদিহি রয়েছে। দুনিয়ায় অন্যায় করে কেউ সাময়িক সুবিধা পেলেও আল্লাহর বিচার থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। আখিরাতের জবাবদিহির বিশ্বাস মানুষকে অন্যায় থেকে বিরত থাকতে এবং ন্যায় ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে।
