রণবীর ঘোষ কিংকর।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাপঞ্চমী। দেবী দুর্গার আগমনে উৎসবমুখর হয়ে উঠছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও পূজামণ্ডপ। আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে কুমিল্লা জেলার ৮৬০টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোতে এখন সাজসজ্জার ব্যস্ততা। কোথাও প্রতিমা স্থাপন, কোথাও মণ্ডপের সৌন্দর্যবর্ধন, আবার কোথাও চলছে বর্ণিল আলোকসজ্জার কাজ। প্রতিমাশিল্পী, সাজসজ্জার কারিগর ও আয়োজকেরা উৎসবের আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন। পূজার নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি শেষ করতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্টরা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, মিলন ও আনন্দেরও উৎসব। দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রত্যাশা করেন ভক্তরা। মহাপঞ্চমীর মধ্য দিয়ে সেই আরাধনার অপেক্ষা আরও ঘনীভূত হয়ে উঠেছে।
আগামীকাল মহাষষ্ঠীতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসসহ নির্ধারিত আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব।
পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে ভক্তদের সমাগম, প্রার্থনা ও ধর্মীয় আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে আগামীকাল থেকেই পূজামণ্ডপগুলো ভরে উঠবে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায়। শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনায় দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা।
কুমিল্লা দেবীদ্বার উপজেলার বরকামতা মাতঙ্গি যুব সংঘের আয়োজনে পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ দত্ত জানান- মহা ষষ্ঠী থেকে দেবী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মহা পঞ্চমীতে মণ্ডপের যাবতীয় কাজ সম্পন্ন করার শেষ সময়। ওই সময়ের মধ্যে মণ্ডপের সকল ক্রিয়া-কর্ম শেষ করতে এখন ব্যস্ত সবাই। ইতোমধ্যে আমাদের মণ্ডপের কাজও প্রায় শেষ দিকে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবী বন্ধনা শুরু হবে।
কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ সরকার জানান- আমরা আশা করছি এবার যথেষ্ট ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও উৎসব মুখর পরিবেশে কুমিল্লায় শারদীয় উৎসব উদযাপন হবে। প্রতিটি পূজা মণ্ডপে মহাপঞ্চমীর মধ্য দিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হবে। অসাম্প্রদায়িক চেতনায় উৎসব উদযাপন হবে এমটাই প্রত্যাশা প্রতিটি পূজা মণ্ডপ আয়োকজদের।
