
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের নিয়ম করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।
নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন, ফি পরিশোধ ও ফল প্রকাশ- সবই অনলাইনে সম্পন্ন করতে হবে। অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রথম শ্রেণিতে ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১১০ টাকা।
এছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এসব শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের সর্বোচ্চ ফি হবে ২৫০ টাকা। সেশন চার্জসহ ভর্তির ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে।
অনলাইনে আবেদন ফি গ্রহণ, তারিখ ঠিক করবে ঢাকার কমিটি:
নীতিমালা অনুযায়ী, আগামী ২০২৭ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ও আবেদনের ফি গ্রহণ এবং ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে করতে হবে।
‘ঢাকা মহানগরী ভর্তি কমিটি’র প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সফটওয়্যারে সারা দেশের ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
