বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
কুমিল্লার কাগজে সংবাদ প্রকাশের পর অভিযানে উপজেলা প্রশাসন
বেশি দামে সার বিক্রি করলে কঠোর ব্যবস্থা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ২:২৬ এএম |


বেশি দামে সার বিক্রি  করলে কঠোর ব্যবস্থাইসমাইল নয়ন।। 
চলতি আমন মৌসুমের ভরসময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে বিসিআইসির ডিলার ও সাব-ডিলারদের বিরুদ্ধে। কেজিপ্রতি সারের দাম ৭ থেকে ৮ টাকা পর্যন্ত বেশি নেওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন স্থানীয় কৃষকেরা। ডিলারদের দাবি ছিল, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তাঁরা বাড়তি দামে সার বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
গতকাল জনপ্রিয় ‘দৈনিক কুমিল্লার কাগজ’-এ কৃষকদের এ দুর্ভোগ ও সার বিক্রিতে অনিয়মের সংবাদটি প্রকাশিত হওয়ার পর আজ বুধবার দিনব্যাপী উপজেলা জুড়ে বিশেষ অভিযান ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কৃষি কার্যালয়।
গতকাল সারাদিন উপজেলার বিভিন্ন বিসিআইসি সারের ডিলার ও সাব-ডিলারদের গুদাম এবং সার মজুতের স্থানগুলো সরেজমিনে পরিদর্শন, সতর্কীকরণ ও নিবিড় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মতিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোখলেসুর রহমান এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
তদারকি অভিযানকালে ডিলার ও সাব-ডিলারদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি প্রদান করে বলা হয়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকাও বেশি দামে সার বিক্রি করলে কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভারী অর্থদণ্ডসহ ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা ও সাজা দেওয়া হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১০ জন বিসিআইসি নিবন্ধিত ডিলার এবং তাঁদের অধীনে ৭২ জন নিবন্ধিত সাব-ডিলার রয়েছে। সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২