বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
চৌদ্দগ্রামে ২২ মন্ডপে উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা
শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:১৭ এএম |



কুমিল্লার চৌদ্দগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে শেষ হয়েছে প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি। আলোকসজ্জা, ঢাকের বাদ্য আর বর্ণিল সাজে উৎসবমুখর হয়ে উঠছে পূজামণ্ডপগুলো। এখন অপেক্ষা দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ধর্মীয় উৎসব উদযাপনের। চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার ২২টি মন্ডপে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।
চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শ্রী মাস্টার অনি চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত পত্রে জানা গেছে, উপজেলার কাশিনগরের নীলক্ষী বিষ্ণপুর, উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম সেন বাড়ি, বলহরা লোকনাথ মন্দির প্রাঙ্গন, কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহ চৌধুরী বাড়ি, পাল বাড়ি, শুভপুর ইউনিয়নের পাইকপাড়া কালি মন্দির প্রাঙ্গন, ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর ঠাকুর বাড়ি, পাল বাড়ি, সলাকান্দি বাজার, উজানমুড়ি কালি বাড়ি, চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা নাথ বাড়ি, দাশ বাড়ি ও চৌদ্দগ্রাম বাজার, মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা নাথ বাড়ি, বাতিসা ইউনিয়নের বাতিসা নকুল শীলের বাড়ি, কুলিয়ারা ঠাকুর বাড়ি, গুণবতী ইউনিয়নের শুরিকরা পাল বাড়ি, উকিল বাড়ি, জগন্নাথ ইউনিয়নের বরদৈন সার্বজনীন কালি মন্দির কর্মকার বাড়ি, শাটিসক মহাজন বাড়ি, আলকরা ইউনিয়নের পোটকরা সার্বজনীন মন্ডপ ও পোটকরা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবটি আনন্দময় ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপে দর্শনার্থীদের আগমন, পূজার আনুষ্ঠানিকতা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পূজা উদযাপন কমিটির সদস্য ও আয়োজকদের ব্যস্ততা এখন তুঙ্গে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমায় রঙের শেষ আঁচড়, কোথাও চলছে আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ। পূজাকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এদিকে পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে প্রতিমা দর্শনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন উপজেলা ও থানা প্রশাসন। বেশ কয়েকবার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে প্রশাসন। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হওয়ার কথা।
চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী বলেন, অতীতের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের নির্দেশে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সহযোগিতা করছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বুধবার বিকেলে বলেন, শারদীয় দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্ডপে দুইজন পুলিশ, ৭-৮ জন আনসার সদস্য, মোবাইল টিম ও সাদা পোশাকে গোয়েন্দাসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি, সুন্দরভাবেই শারদীয় দুর্গাপূজা শেষ করা সম্ভব হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২