
কুমিল্লা নগরীর রেসকোর্স ইস্টার্ন প্লাজার সামনে থেকে শাসনগাছা পর্যন্ত ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রেসকোর্স-বাদশামিয়া বাজার ও শাসনগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া সুলতানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নেতাকর্মীরা।
অভিযান চলাকালে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সড়কটি এমনিতেই সরু। এর ওপর ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এ এলাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং এ নিয়ে নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার মাইকিং করে সতর্ক করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা বিষয়টি আমলে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অভিযান শেষে এ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের কর্মকর্তারা নিয়মিত তদারকি করবেন। এরপরও কেউ অবৈধভাবে বসলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হতে পারে।
প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তাও শিগগিরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেতে পারেন। তা হলে দুইজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নগরজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখা সম্ভব হবে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া সুলতানা বলেন, শাসনগাছা কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ত এলাকা। প্রশাসকের নির্দেশে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিদের তিনবার মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে কেউ ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য সিটি করপোরেশনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।
