
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
অভিযানের আওতায় নগরীর ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার, মুন্সেফ কোয়ার্টার মসজিদ রোড, কাজী বাড়ি, মুন্সেফ কোয়ার্টার পশ্চিমপাড়া ও হাবিব বেকারি রোডে কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স মফিজ উদ্দিন সড়ক, কুমিল্লা মডেল একাডেমি স্কুল, আকন্দ জেনারেল হাসপাতাল রোড, তালুকদার একাডেমি রোড ও সান মেডিকেল রোড; ৪ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া চৌমুহনী, কাজী পুকুরপাড়, ভাটার পুকুরপাড়, আমানিয়া বাড়ি, বাঁশমুড়া ও আশপাশের এলাকায় অভিযান পরিচালিত হয়।
৭ নম্বর ওয়ার্ডের বিসিক শিল্পনগরীর ১ ও ২ নম্বর সড়ক এবং অশোকতলা বিসিক মোড় থেকে রেলগেট পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়। ৯ নম্বর ওয়ার্ডে ডায়াবেটিস হাসপাতালের সামনের এলাকা, রেসকোর্স, স্টেশন রোড, মিশন হাসপাতাল রোড, মুক্তি হাসপাতাল গলি, বাগিচাগাঁও নতুন চৌধুরীপাড়া ও কবরস্থান সড়কেও অভিযান পরিচালিত হয়।
এ ছাড়া শহর সার্ভিসের আওতায় এনএসআই কার্যালয়, কর ভবন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রানীর বাজার মাদ্রাসা, মিডল্যান্ড হাসপাতাল, কুমিল্লা মডেল একাডেমি স্কুল, হাউজিং এস্টেট ও নিরাময় হাসপাতাল গলিতে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
কুসিকের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে।
