
‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুমিল্লা জিলা স্কুল থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে জেলা ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন এবং কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
