মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কেদাহ রাজ্যের কুলিমের পাডাং মেহার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশিকে আটক করেছে।
সোমবার (১২ অক্টোবর) এ অভিযান চালানো হয় বলে জানান কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন।
তিনি জানান, অভিযানে আমাদের কর্মকর্তারা ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী।
আটকদের মধ্যে চীনাদের সংখ্যা ছিল সর্বাধিক, ৩৯৬ জন। এরপরে ছিলেন ১৯৯ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, সাত জন মিয়ানমারের নাগরিক, পাঁচজন ভারতীয়, চারজন ঘানার নাগরিক, তিন জন নাইজেরিয়ার, দুইজন কেনিয়ার, দুইজন ইন্দোনেশিয়ার, একজন নিউজিল্যান্ডের এবং একজন সেনেগালের নাগরিক।
রিদজুয়ান মোহাম্মদ জেইন জানান, সব বিদেশী কর্মীর যেন বৈধ ভ্রমণ নথি ও অভিবাসন পাস বা অনুমতিপত্র থাকে এবং তারা যেন অভিবাসন সংক্রান্ত নিয়মাবলী মেনে চলেন— এ উদ্দেশেই অভিযানটি চালানো হয়।
