নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ডে এখন থেকে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ও বিচার অঙ্গনের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে ব্যক্তির স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। জরুরি প্রয়োজনে এ সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদা অনুযায়ী এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
এ ছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
