ভাগ্যের চাকা ঘুরাতে মাত্র তিন মাস আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। স্বপ্ন ছিল পরিবারের অভাব ঘোচাবেন, প্রিয়জনদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেই স্বপ্নের প্রবাস জীবনই এখন পরিণত হয়েছে পরিবারের কাছে এক ভয়াবহ দুঃস্বপ্নে।
মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় ভয়াবহ পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের শরাপতি গ্রামের যুবক মোঃ ফাহাদ হোসেন (২৪)। গত ১ অক্টোবর রাতে টানা মুষলধারে বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
ফাহাদ হোসেন শরাপতি গ্রামের উত্তরপাড়া মাস্টার বাড়ির আব্দুর রশিদের ছেলে। তিনি গত তিন মাস ধরে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকার একটি সবজি বাগানে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ অক্টোবর রাতে ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়। একপর্যায়ে পাহাড়ের একটি বিশাল অংশ ধসে পড়ে ফাহাদ অবস্থান করছিলেন এমন স্থানের ওপর। মুহূর্তের মধ্যেই মাটি ও পাথরের বিশাল স্তূপের নিচে চাপা পড়ে যান তিনি।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিপুল পরিমাণ মাটি ও পাথরের স্তূপ এবং দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
এদিকে ফাহাদের মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রিয় সন্তানকে হারিয়ে তার লাশের অপেক্ষায় দিন গুনছে পরিবার।
পরিবারের সদস্যরা বলছেন, পরিবারের স্বচ্ছলতার আশায় মাত্র তিন মাস আগে ফাহাদ মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। বিদেশের মাটিতে কাজ করে পরিবারের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলেন তিনি। অথচ সেই স্বপ্ন পূরণের আগেই ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় তার জীবন সমাপ্ত।
