
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে আজ। এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরির পথে রয়েছেন চট্টগ্রামের আরেক ক্রিকেটার সাদিকুর রহমান। এদিকে ফাইফারের দেখা পেয়েছেন বরিশালের পেসার রুয়েল ইসলাম। অন্যদিকে খুলনার বিপক্ষে ফলো অনে পড়েছে বরিশাল বিভাগ।
খুলনার বিপক্ষে ফলো অনে পড়েছে বরিশাল বিভাগ। নিজেদের মাঠে খুলনা ৪২৬ রান করে। জবাব দিতে নেমে বরিশাল প্রথম ইনিংসে ৯৪ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটিংয়ের শুরু ভালো হয়নি। ২ উইকেটে ৪৩ রান তুলে দিন শেষ করেছে। এখনও তারা ২৮৯ রানে পিছিয়ে।
ময়মনসিংহের করা ৩১১ রানের জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ভালো অবস্থানে সিলেট। ঘরের মাঠে ৫ উইকেটে ২৩৬ রান তুলেছে সিলেট। হাতে ৫ উইকেট রেখে ৭৫ রানে পিছিয়ে তারা। সিলেটের হয়ে ওপেনার জাকির হাসান ৬০ রান করেন।
এদিকে ৬ উইকেটে ২৯০ রানে দিনের খেলা শুরু করে রাজশাহী। শেষ ৪ উইকেটে আজ ৭৪ রান যোগ করে অলআউট হয় তারা। সানাজমুল ইসলাম ৩৯, নিহাদুজ্জামান ২৭ রান করে দলের স্কোর বড় করতে অবদান রাখেন। এছাড়া শাকির হোসেন শুভ্র করেন ৩৪ রান। বল হাতে চট্টগ্রাম বিভাগের হয়ে হাসান মুরাদ নেন ৪ উইকেট। ৩ উইকেট পেয়েছেন এনামুল হক আশিক।
জবাব দিতে নেমে মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমানের জুটিতে এগিয়ে তারা। জয় ১০২ রানে অপরাজিত আছেন। সাদিকুর ৮৬ রান করেছেন। দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ১৯০ রান। হাতে ১০ উইকেট রেখে চট্টগ্রাম প্রথম ইনিংসে পিছিয়ে ১৭৪ রানে।
