রোববার ● ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩
বিদায়ী ম্যাচ খেলতে পরিবার নিয়ে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পিএম |


 বিদায়ী ম্যাচ খেলতে পরিবার নিয়ে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি


আর্জেন্টিনার জার্সিতে এখন লিওনেল মেসির শেষ অধ্যায়ের অপেক্ষা। বিদায়ী ম্যাচের আগে শুক্রবার আর্জেন্টিনায় পৌঁছেছেন এই মহাতারকা। মঙ্গলবার বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া অধিনায়কের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাদের ভাষায়, লক্ষ্য হলো ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে তার প্রাপ্য ঘরের মাঠের বিদায় দেওয়া।’
৩৯ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে পরিবারের সদস্যদের নিয়ে আর্জেন্টিনায় ফেরেন। প্রথমে নিজের শহর রোসারিওতে অবতরণ করেন তিনি। সেখান থেকে বুয়েনস এইরেসে যাবেন আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিতে।
মেসির বিদায়ী ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন সতীর্থও থাকবেন। তবে রোমার দুই আর্জেন্টাইন খেলোয়াড় পাওলো দিবালা ও নাহুয়েল মোলিনাকে এই ম্যাচের জন্য ছাড়েনি ইতালিয়ান ক্লাবটি। ফলে তারা মেসির শেষ ম্যাচের অংশ হতে পারছেন না।
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার থামছে ২১ বছর পর। এই দীর্ঘ পথচলায় জাতীয় দলের জার্সিতে করেছেন ১২৫ গোল। খেলেছেন তিনটি বিশ্বকাপ ফাইনালে। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে হেরেছিলেন, ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিলেন। আর চলতি বছরের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শেষ হয় আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান মেসি। এরপর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তাঁর শেষ উপস্থিতি।
এই আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার অন্য কোনো ম্যাচে অবশ্য মেসিকে দেখা যাবে না। বুধবার বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার বুরকিনা ফাসোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। তবে সেই ম্যাচ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুরকিনা ফাসো আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে মরক্কো গিয়েছিল। সেখান থেকে ৩০ সেপ্টেম্বর চার্টার্ড বিমানে বুয়েনস এইরেসে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেই ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় দলটির আর্জেন্টিনা সফর অনিশ্চয়তার মুখে পড়ে।
বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিষয়টি সমাধানে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, ফেডারেশন ও দূতাবাস একসঙ্গে কাজ করছে। নতুন করে যাত্রার বিভিন্ন বিকল্পও খোঁজা হচ্ছে। তবে দীর্ঘ ভ্রমণ নিয়ে খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বুরকিনা ফাসোর ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, সেটি নিয়ে অপেক্ষা থাকলেও মেসির বিদায়ী ম্যাচ নিয়ে সংশয় নেই। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২