কুমিল্লায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ) মিজ সুলতানা রাজিয়া। কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ফজলুল করিম।
অনুষ্ঠানের শুরুতে প্রবীণদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণদের বিভিন্ন সমস্যা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসাসেবা ও তাঁদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
স্বাগত বক্তব্য দেন কুমিল্লা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হায়াতুনবী মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আজাদ সরকার লিটন, জ্যোৎস্না আক্তার, অধ্যাপক গোলাম কিবরিয়া নয়নসহ অনেকে।
বক্তারা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণদের নানা শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয়। তাঁদের প্রতি পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে চিকিৎসা, নিরাপত্তা ও সামাজিক সহায়তার সুযোগ বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে প্রবীণদের জন্য একটি ভবন নির্মাণে জায়গা নির্ধারণ এবং সেখানে ভবন নির্মাণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের চিকিৎসাসেবা সহজ করতে হাসপাতাল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কেয়ারগিভার সুবিধা চালুর বিষয়েও আশ্বস্ত করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। তাঁর বক্তব্যের সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিপুলসংখ্যক প্রবীণের উপস্থিতি ছিল। আয়োজকেরা বলেন, প্রবীণরা তাঁদের দীর্ঘ কর্মজীবন ও অভিজ্ঞতার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের প্রতি সম্মান ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সবার দায়িত্ব।
