প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কের কুমিল্লা অংশে দায়িত্ব পালন করবেন প্রায় ১ হাজার ২৫০ পুলিশ সদস্য। এর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ।
সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ উদ্বোধন করবেন তিনি। পরে ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এসময় ভার্চুয়ালি কুমিল্লা বুড়িচং উপজেলার ১৭৭৮ জন কৃষককে প্রণোদনা দেয়া হবে।
প্রধানমন্ত্রীর সড়কপথে যাতায়াতকে কেন্দ্র করে কুমিল্লা অংশেও প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান বলেন, “চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে থাকবে ১ হাজার ২৫০ জন পুলিশ। এছাড়াও বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মুরাদনগর , মাধাইয়া, চান্দিনা, বুড়িচং নিমসার , আলেখারচর বিশ্বরোড, কোটবাড়ি বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড, চৌদ্দগ্রাম বাজার অংশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকবে ।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, জেলার বুড়িচং উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয়ের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেতাকর্মীদের অবস্থানের প্রস্তুতি চলছে। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি বলেন, কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান করবেন। তিনি নিজেও নেতাকর্মীদের নিয়ে গৌরীপুর এলাকায় অবস্থান করবেন বলে জানান।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে মহাসড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান করবেন। এ জন্য বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার ফেনী থেকে ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকদের কৃষক কার্ড ও প্রণোদনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বুড়িচং উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ব্লকের ১ হাজার ৭৭৮ জন কৃষক এই কর্মসূচির আওতায় থাকছেন।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ১ হাজার ৭৭৮ জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা হলরুম থেকেও কর্মসূচিতে যুক্ত হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িচংয়ের ১৭৭৮ জন কৃষককে প্রণোদনা দিবেন। এছাড়াও সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় কয়েক হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে অবস্থান করবে।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, দেশের ১১টি উপজেলায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুড়িচংকে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি রয়েছে ।
