বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
দুর্নীতির অভিযোগে তুরস্কে রেফারি বোর্ডের প্রধানসহ ৭ জন গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম আপডেট: ০১.১০.২০২৬ ২:১৩ এএম |




 দুর্নীতির অভিযোগে তুরস্কে রেফারি বোর্ডের প্রধানসহ ৭ জন গ্রেপ্তার

তুরস্কের ফুটবলে নতুন করে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। রেফারিদের নিয়োগ ও মূল্যায়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে দেশটির কেন্দ্রীয় রেফারি বোর্ডের প্রধান ফেরহাত গুনদোগদু ও আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, রেফারিদের শ্রেণিবিন্যাস, ম্যাচে দায়িত্ব দেওয়া, নম্বর ও নিয়োগ প্রক্রিয়া এবং নিয়মসংক্রান্ত পরীক্ষায় হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে কেন্দ্রীয় রেফারি বোর্ডের প্রধান গুনদোগদুর পাশাপাশি তার ডেপুটিও রয়েছেন। চারটি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়। সন্দেহভাজনদের বাসা, কর্মস্থল ও কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছে।
তুরস্কের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে আর্থিক নিরীক্ষা, তথ্য, সাক্ষীদের বক্তব্য ও বিশেষজ্ঞদের প্রতিবেদনও ব্যবহার করা হচ্ছে। অভিযোগের মধ্যে জাল নথি ব্যবহার এবং রেফারিদের ওপর চাপ প্রয়োগের বিষয়ও রয়েছে।
তুরস্কের ফুটবল ইতিমধ্যে বড় ধরনের দুর্নীতি ও বেটিং সংক্রান্ত তদন্তের মধ্য দিয়ে গেছে। গত বছর দেশটির ফুটবল ফেডারেশন ১৪৯ জন রেফারিকে নিষিদ্ধ করেছিল অবৈধ বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে।
সেই তদন্তে পেশাদার লিগে দায়িত্ব পালন করা ৫৭১ জন রেফারির তথ্য যাচাই করা হয়েছিল। তাদের মধ্যে ৩৭১ জনের বেটিং অ্যাকাউন্ট থাকার তথ্য পাওয়া যায় এবং ১৫২ জন সক্রিয়ভাবে বাজিতে অংশ নিয়েছিলেন বলে তুরস্কের ফুটবল ফেডারেশনের তদন্তে উঠে আসে।
তবে আগের বাজি-কাণ্ডের সঙ্গে এবারের গ্রেপ্তারের কোনো সরাসরি যোগসূত্রের কথা তুরস্কের বিচারমন্ত্রী জানাননি। বর্তমান তদন্ত হচ্ছে রেফারি নিয়োগ, মূল্যায়ন ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২