বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
২০ মাস পর মুর্শিদা, অস্ট্রেলিয়া সফরের দলে ফিরলেন দিলারা ও দিশাও
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম আপডেট: ০১.১০.২০২৬ ২:১৩ এএম |



 

 ২০ মাস পর মুর্শিদা, অস্ট্রেলিয়া সফরের দলে ফিরলেন দিলারা ও দিশাও
টপ অর্ডারের দুর্বলতা আর ব্যাটিংয়ের দুরাবস্থা কাটানোর আশায় পুরোনো একজনের দিকেই ফিরে তাকালেন নির্বাচকরা। বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন মুর্শিদা খাতুন। ২০ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার হাতছানি এখন এই বাঁহাতি ব্যাটারের সামনে।
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে ফিরেছেন আরেক ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার দিশা বিশ্বাসও। ওয়ানডে দলে প্রথমবার জায়গা মিলেছে হাবিবা ইসলাম পিঙ্কির।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই সিরিজের দল থেকে এবারের দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুন, ওপেনার জুয়ায়রিয়া ফেরদৌস ও পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা।
মুর্শিদা বাংলাদেশের হয়ে খেলেছেন ৩২ ওয়ানডে। এর সবশেষটি ছিল গত বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ৯১ রানের দুর্দান্ত ইনিংসটি খেলার পর টানা ১১ ওয়ানডেতে ফিফটি ছিল তার। এরপর জায়গা হারান দলে। তবে দুই সংস্করণেই বাংলাদেশের ব্যাটিংয়ের টানা বাজে অবস্থার মধ্যেও তাকে দলে না ফেরানো নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময় মুর্শিদাকে নিয়ে একের পর এক প্রশ্ন ছুটে যায় নির্বাচকদের দিকে। গত জুলা-অগাস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন তিনি। ২৭ বছর বয়সী ব্যাটার অবশেষে ফিরতে পারলেন জাতীয় দলে।
দিলারাকে ফেরানো হলো মূলত যথেষ্ট বিকল্প না থাকায়। ঘরোয়া ক্রিকেটে আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিতি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ টি-টোয়েন্টি আর তিন ওয়ানডে খেলে তেমন কিছু দেখাতে পারেননি। ওপেনিংয়ে উপযুক্ত কাউকে না পেয়ে দিলারা, তাজ নেহার ও জুয়ায়রিয়াকেই দলে নেওয়া হয় ঘুরিয়েফিরিয়ে। পারফরম্যান্স দেখাতে পারেননি তারা কেউই।
দিশা বাংলাদেশ দলে প্রথম সুযোগ পান ২০২২ সালের নভেম্বরে নিউ জিল্যান্ড সফরে। তবে খেলার সুযোগ পাননি। ২০২৩ সালে প্রথম উইমেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি নেতৃত্ব দেন বাংলাদেশকে। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ নানা সময়ে দলে থাকলেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি ২২ বছর বয়সী অলরাউন্ডারের।
জুলাই-অগাস্টে দক্ষিণ আফ্রিকা সফরের ইমার্জিং দলে ছিলেন ১৭ বছর বয়সী পেসার হাবিবা। আরও দুই বছর আগে বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি তিনি খেলেছেন।
বাদ পড়া ফাহিমা ছন্দে নেই বেশ কিছুদিন ধরেই। জুয়ায়রিয়া সবশেষ ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলে ভালো করতে পারেননি। সম্প্রতি টি-টোয়েন্টিতেও পারেননি উল্লেখযোগ্য কিছু করতে। বাদ পড়া আরেকজন তৃষ্ণা কখনোই দলে সেভাবে থিতু হতে পারেননি। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নিলেও পরের টানা ছয়টিতে উইকেট পাননি।
অস্ট্রেলিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানাই। কিছুদিন আগে এশিয়ান গেমসের সময় টি-টোয়েন্টি দলের ছাড়তে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়া সফরে শুধু ওয়ানডে খেলবে বাংলাদেশ। নিগারের নেতৃত্ব নিয়ে তাই ত্বরিত সিদ্ধান্তের প্রয়োজন দেখেনি বোর্ড।
সিরিজটি খেলতে শনিবার ঢাকা ছাড়বে নিগারের দল। একটি প্রস্তুতি ম্যাচ আছে আগামী মঙ্গলবার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৯ অক্টোবর। পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।
দ্বিপাক্ষিক সিরিজে যে কোনো সংস্করণেই বাংলাদেশের মেয়েদের প্রথম অস্ট্রেলিয়া সফর এটি।
বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম পিঙ্কি।
বাদ: ফাহিমা খাতুন, জুয়ারিয়া ফেরদৌস, ফারিহা ইসলাম তৃষ্ণা।
ফেরা: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, দিশা বিশ্বাস।
নতুন মুখ: হাবিবা ইসলাম পিঙ্কি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২