
এশিয়ান গেমসের তৃতীয় দিনে কাবাডিতে জোড়া জয় পেয়েছে বাংলাদেশ। সকালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর বিকেলে চাইনিজ তাইপেকেও পরাজিত করেছে বাংলাদেশ। তবে কাবাডির সাফল্যের বিপরীতে কারাতে, শুটিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, উশু, টেবিল টেনিস, নারী হকি ও ব্যাডমিন্টনে হতাশ হতে হয়েছে।
জার্সি নিয়ে আলোচনায় আসা ব্যাডমিন্টন দল আজ দলীয় বিভাগে অংশ নিয়েছে। বাংলাদেশের শাটলার আয়মান ইবনে জামান ইউনেক্সের সঙ্গে আলাপ করে নতুন জার্সির ব্যবস্থা করেন। এজন্য তাকে কোনো খরচ দিতে হবে কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি।
ইচিনোমিয়া সিটি জিমনেশিয়ামে ব্যাডমিন্টনের এককের লড়াইয়ে ভারতের লক্ষা সেনের কাছে আয়মান ইবনে জামান, আইয়ুশ শেঠীর কাছে গৌরব সিংহ এবং আল আমিন জুমার হেরেছেন। সবগুলো ম্যাচেই ব্যবধান ছিল ৩-০।
দ্বৈতের লড়াইয়ে আয়মান ইবনে জামান ও গৌরব সিংহ জুটি বেঁধে কোর্টে নামার কথা ছিল হরিহরন আমসাকারুনান ও অর্জুন রামচন্দ্রানের বিপক্ষে। অন্যদিকে, আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি লড়ার কথা ছিল সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠীর বিপক্ষে। তবে তিন শাটলারই সিঙ্গেলসে সরাসরি সেটে হেরে যাওয়ায় ডাবলসের লড়াইয়ে নামতে হয়নি।
কারাতের ছেলেদের ৬৭ কেজি ওজন বিভাগের কুমিতে মনিরুল ইসলাম ৮-৩ পয়েন্টের ব্যবধানে হেরেছেন কাতারের ইয়ামান আলনাতশেহরের কাছে। নারীদের ৬১ কেজি কুমিতে হুমায়রা আক্তার অন্তরা ৯-১ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছেন কাজাখস্তানের কানায় আসেলের কাছে।
টেবিল টেনিসের নারীদের দলগত লড়াইয়ে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কং কুম-কিমের কাছে সামান্তা তুশি, সং পিয়নের কাছে সোনাম সুলতানা সোমা এবং ইম জং চোর কাছে নওরীন মাহী হেরেছেন। সবগুলো ম্যাচের ব্যবধান ছিল ৩-০।
শুটিংয়ের ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে যেতে পারেননি বাংলাদেশের তিন প্রতিযোগীর কেউই। ৬২৩ দশমিক ৯ স্কোর করে অর্ণব শারার লাদিফ ২৫তম, ৬২২ দশমিক ৩ স্কোর করে রবিউল ইসলাম ৩১তম এবং ৬২১ দশমিক ৩ স্কোর করে রাব্বি হাসান মুন্না ৩২তম স্থান পেয়েছেন। ইভেন্টে অংশ নিয়েছিলেন ৪৬ প্রতিযোগী।
টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে মোহাম্মদ ইসলাম ২৪.৩৮ সেকেন্ড সময় নিয়ে দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।
উশুর ছেলেদের তাইজিয়াকুয়ান ও তাজিজিয়ান ইভেন্টে ১৫ প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রুদ্র বিপ্লব ৯ দশমিক ০৫৩ পয়েন্ট স্কোর করে তলানিতে ছিলেন।
নারী হকিতে বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ১৩-০। বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলছে।
এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে কোয়ালিফাই করেছেন রাজীব চাকমা। তবে আজ তিনি ভালো করতে পারেননি।
