
নারী ফুটবলে বাংলাদেশ দল দুই কোরিয়ার কাছে ১৬ গোল হজম করেছিল। হকির র্যাঙ্কিংয়েও দক্ষিণ কোরিয়া বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এরপরও এশিয়ান গেমস হকিতে গোলশূন্য প্রথম কোয়ার্টার বাংলাদেশকে আশা জুগিয়েছিল। এরপর ম্যাচের সময় যত গড়িয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল ততই ম্যাচ থেকে ছিটকে যায়। দ্বিতীয় কোয়ার্টারে ডিফেন্সের ভুলে হজম করে দুই গোল। শেষ পর্যন্ত হেরেছে ৫-০ ব্যবধানে।
বাংলাদেশ দুটি গোলের সুযোগ পেয়েছিল। বিশেষ করে দ্বীন ইসলাম ইমন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। মিমোও এমন মিস করেছেন। জাতীয় দলে অনেকদিন পর ফেরা রাসেল মাহমুদ জিমিও নিজেকে বিশেষভাবে চেনাতে পারেননি।
তৃতীয় কোয়ার্টারে কোরিয়া আরও দুই গোল করে। শেষ কোয়ার্টারে আরেক গোল হজম করলে বাংলাদেশ ০-৫ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে। কোচিং স্টাফের মধ্যে অলিভারের অ্যাক্রিডিটেশন কার্ড না হওয়ায় তিনি টেন্টে থাকতে পারেননি। সহকারী কোচের ডাগআউটে থাকা গুরুত্বপূর্ণ হলেও তিনি মাঠের বাইরে গ্যালারিতে ছিলেন দর্শকের ভূমিকায়।
গিফু হকি স্টেডিয়ামের প্রেস বক্সে পাকিস্তানের সাবেক অধিনায়ক তাহির জামানকে দেখা গেল। বাংলাদেশ হকি অনেকদিন ধরে কাছ থেকে দেখছেন। আজকের ম্যাচ দেখে তার পর্যবেক্ষণ, ‘বাংলাদেশ শুরুটা ভালো করলেও সেই ধারা রাখতে পারেনি, যেটা গুরুত্বপূর্ণ। বড় দলের বিপক্ষে গোলের সুযোগ কাজে লাগাতে না পারলে ম্যাচে লড়াই করা কঠিন। সবার ফিটনেস এক পর্যায়ে থাকা প্রয়োজন।’
বাংলাদেশ দলের সাবেক কোচ গেরহার্ড পিটার আবার জিমিদের দায়িত্বে। ঢাকায় অনুশীলন করার পর চীনে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। এরপরও কোচ পিটার প্রস্তুতি ম্যাচের অভাব দেখছেন, ‘জার্মানি যেতে পারলে আমরা অনেক ম্যাচ খেলতে পারতাম। চীনে পাঁচটি ম্যাচের বেশি খেলা হয়নি। আমরা যে দুই সুযোগ মিস করেছি, সেটা না হলে খেলার চিত্র ভিন্ন হতো।’
জাপানের স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ পুরুষ হকি দলের ম্যাচ ছিল। গেমসের মূল শহর নাগোয়া থেকে ৫০ কিলোমিটার দূরে হকির এই ভেন্যু। গেমস কাভার করতে আসা সাংবাদিকরা ট্রেন-বাস বদলে দুই ঘণ্টা বেশি সময়েরও পর গিফু হকি স্টেডিয়ামে পৌঁছায়।
