আলমগীর হোসেন।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে লরির চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকালে গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনায় বৃদ্ধা পথচারী ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত আয়েশা বেগম (৬৫)। তিনি দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের মনু মিয়া তালুকদারের স্ত্রী।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত আয়েশা বেগম গৌরীপুর পেন্নাই এলাকার মেজবাহ উদ্দিন হাজী বাড়ির লিয়াকত আলীর শাশুড়ি। তিনি মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় মহাসড়ক পার হওয়ার প্রাক্কালে দ্রুতগতির একটি লরি তাকে সজোরে চাপা দেয়। এতে লরির চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি ও মেডিকেল কার্যক্রম সম্পন্ন শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
