
হাসান মাহমুদ নেই! তো কি হয়েছে, খালেদ আহমেদ তো আছেনই! কেন্ট এখন চাইলেই এভাবে বলতেই পারে! কেন? উত্তরটা সহজ, এতদিন হাসান বল হাতে যা করেছে এই কাউন্টি ক্লাবের হয়ে, এবার খালেদ সেটা করা শুরু করেছেন!
কেন্টের বিপক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুরুটা ছিল ল্যাঙ্কাশায়ারের দাপটে। প্রথম সেশনে কেন্টের বোলারদের হতাশ করে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়ে ফেলেছিল তারা। কিন্তু দ্বিতীয় সেশনে ম্যাচের গল্পটাই বদলে দিলেন খালেদ। বাংলাদেশি এই পেসার একের পর এক আঘাতে ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং ভেঙে দিয়ে প্রথম ইনিংসেই পাঁচ উইকেট তুলে নিলেন।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫.৫ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন খালেদ। তাঁর বিধ্বংসী বোলিংয়ে ৮১ রানে বিনা উইকেট থেকে ১৬১ রানেই অলআউট হয়েছে ল্যাঙ্কাশায়ার।
টস জিতে ফিল্ডিং নেওয়া কেন্টকে শুরুতে খুব একটা স্বস্তি দিচ্ছিল না ল্যাঙ্কাশায়ারের দুই ওপেনার মাইকেল জোন্স ও কিটন জেনিংস। ৮১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখছিলেন তাঁরা।
সেখানেই ছন্দপতন ঘটান খালেদ। জেনিংসকে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর নিজের পরের ওভারেই রকি ফ্লিন্টফকে এলবিডব্লিউ করে ফেরান তিনি। শূন্য রানে ফ্লিন্টফের বিদায়ের পর ল্যাঙ্কাশায়ারের বিপদ আরও বাড়ে।
এরপর দ্রুত আরও উইকেট হারিয়ে ৮২ রানে চার উইকেটের দলে পরিণত হয় ল্যাঙ্কাশায়ার। এক প্রান্তে দাঁড়িয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন ম্যাটি হার্স্ট। তাঁর সেই লড়াইটাও থামান খালেদ।
এরপর শেষ দিকে এসে আরও দুটি উইকেট নিয়ে পাঁচ পূর্ণ করেন বাংলাদেশের পেসার। মিচেল স্ট্যানলির মিডল স্টাম্প উপড়ে দেওয়ার পরের বলেই তাঁর শিকার হন জেমস অ্যান্ডারসন। টানা দুই বলে দুই উইকেট নিয়ে প্রথম ইনিংস শেষ করেন খালেদ ৫ উইকেটের কীর্তি দিয়ে।
কেন্টের হয়ে এটি খালেদের তৃতীয় ম্যাচ। সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগের জন্য তাঁকে দলে নিয়েছে কেন্ট। অভিষেক ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন তিনি।
এই রিপোর্ট লিখা পর্যন্ত কেন্টের সংগ্রহ ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান।
