কুবি প্রতিনিধি:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের 'ডিজিটাল এন্ট্রোপ্রেনারশিপ এন্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট' প্রজেক্টের আওতায় দুই কোটি ৭০ লাখ টাকা খরচায় কুবিতে তৈরি হতে যাচ্ছে 'ইনোভেশন হাব'। শিক্ষার্থীদের উদ্যোগ, রিসার্চ প্রজেক্ট, আইটি প্রজেক্ট, স্টার্টআপ বিল্ডাপ ইত্যাদির ত্বরান্বিতকরণে ভূমিকা রাখবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের পঞ্চম তলায় প্রায় চার হাজার ২৪০ স্কয়ার ফুট জায়গা জুড়ে ইনোভেশন হাবটি বাস্তবায়নের কথা রয়েছে। ইতোমধ্যেই প্রথম ধাপের সকল কাজ প্রায় সম্পন্ন। ইনোভেশন হাবের ত্রিডি ডিজাইন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইতোমধ্যেই জায়গাসহ যাবতীয় সকল কিছু পরিদর্শন করে গিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতেও অফিসিয়াল কাজ প্রায় শেষের দিকে বলে জানা যায়। বাকি কাজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগেরর উদ্যোগে সম্পন্ন করা হবে জানানো হয় প্রশাসন থেকে।
আরো জানা যায়, ইনোভেশন হাবে শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধার মধ্যে থাকা রয়েছে, কো-ওয়ার্ক স্পেস, ফ্যাব্রিকেটেড (ফ্যাব) ল্যাব, মিটিং কক্ষ, মেসেজিং চেয়ার, মিনি অডিটোরিয়াম, গেমিং জোন, কফি জোন, ইনচার্জের কক্ষ। এগুলোতে শিক্ষার্থীরা যথাযথ তত্ত্বাবধানে তাদের কাজগুলোকে ত্বরান্বিত করতে পারবেন এবং সকলের জন্য এই ইনোভেশন হাব উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
পাশাপাশি ইনোভেশন হাবের অন্যতম মূল উদ্দেশ্য হবে, শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এই উদ্যোক্তাে ধরন হবে স্টার্টআপ বিল্ডাপ। আর এর পেছনে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে আইডিয়া কার্যকর পুরো যাত্রায় ভূমিকা রাখবে এই ইনোভেশন হাব। তা ছাড়াও এখানে থাকবে সার্বক্ষণিক উচ্চগতির ইন্টারনেট সুবিধা।
এর আগে, গতবছরের ২৭ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী তারুণ্যের উৎসব অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরির ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরির কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ডিরেক্টর ড. মো. মেহেদী হাসান জানান, প্রশাসনের পক্ষ হতে সবরকম ডকুমেন্টস বিষয়ক কাজ সম্পন্ন করা হয়েছে। মন্ত্রণালয়ের থেকে পরিদর্শন করা হয়েছে ইতোমধ্যেই। দ্রুতই মন্ত্রণালয় থেকে এটি স্থাপনের উদ্যোগ নিবে বলে জানান তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, আইসিটি মন্ত্রনালয়ের উদ্যোগে ইনোভেশন হাবটি স্থাপন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে। তাদের শিক্ষা, গবেষণা, প্রজেক্ট ইত্যাদির বাস্তবায়নে এটি যথোপযুক্ত প্লাটফর্ম পাবে তারা। আমরা যোগাযোগ রাখছি, যতদ্রুত সম্ভব এটা যেন স্থাপিত হয়।
