শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩
সরকারকে জামায়াত আমিরের প্রশ্ন- কুমিল্লাবাসীর অপরাধ কি?
কুমিল্লা বিভাগ দিচ্ছেন না কেন
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ এএম আপডেট: ০৬.০৯.২০২৬ ১:৩২ এএম |



 
 কুমিল্লা বিভাগ দিচ্ছেন না কেন নিজস্ব প্রতিবেদক: সরকারকে প্রশ্ন রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন- ‘কুমিল্লা বিভাগ কেন দিচ্ছেন না? কুমিল্লাবাসীর অপরাধ কি? আমরা সরকারকে পরিষ্কার বলছি, কুমিল্লা বিভাগ নিয়ে আর কোন ধানাই পানাই করবেন না। কুমিল্লা বিভাগ দেন, কুমিল্লা বিভাগ করেন, বাস্তবায়ন হোক। ১৯৯৪ সালে যখন সিলেট বিভাগের দাবি উঠে তখন কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল। তখন কুমিল্লা বিভাগ হয়নি কিন্তু সিলেট বিভাগ হয়েছে। এখন তাদের দাবি পূরণ করেন। পাশের নোয়াখালীও বিভাগের জন্য দাবি করছে - তাদেরকে একটা বিভাগ দেন। যেহেতু কুমিল্লা আগে, তারা ১৯৯৪ সাল থেকে দাবী করছে - তাদেরকে আগে দেন। 
গতকাল কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ডা. শফিকুর রহমান বলেন, খন্দকার মোস্তাক সাহেবের বাড়ি কুমিল্লায় - তাই আপা (শেখ হাসিনা) গোস্বা করে আগে দেয় নাই। কুমিল্লা নামে দিবে না তাই ধানাই পানাই করল। আমরা পরিষ্কার বলি, কোন জেলার নামকে নিয়ে যদি বাড়াবাড়ি করা হয়- এটা ওই জেলা এবং বিভাগে বসবাসকারী প্রত্যেকটা মানুষের অপমান করার শামিল। বর্তমান সরকারও বলেছেন বিভাগ দিবেন, দিচ্ছেন না কেন? বিভাগের প্রশাসনিক কার্যক্রম দ্রুত গ্রহণ করুন। 
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মাহাবুবুর রহমানের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর নায়েব আমির ও বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো তাহের, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপিী মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ। 
বক্তব্যে কুমিল্লায় এয়ারপোর্ট (বিমান বন্দর) স্থাপন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান আরো বলেন, এয়ারপোর্টে হওয়ার যে বিষয়টি উঠে এসেছে - এখানে একটি ইপিজেড আছে, এখানে একটি প্রশিক্ষণের জন্য এয়ারপোর্ট আছে। এয়ারপোর্টের ও সম্ভাব্যতা যাচাই করে - যদি সবদিক থেকে উত্তম হয়, জনগণের জন্য এয়ারপোর্টটিও চালু করেন। 
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ের আমরা লং মার্চ ঘোষণা করেছি- সে দাবি আদায় করেই ঘরে ফিরবো। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। গণভোটের রায় বাস্তবায়নসহ দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লং মার্চে নেমেছি। সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। মাদক টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে আমরা কেবল কর্মসূচি শুরু করলাম। প্রত্যেকটি বিভাগীয় শহরে আমাদের লং মার্চ যাবে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে। দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো।
এ সময় বক্তারা বলেন, জনগণের রায়কে সরকার প্রত্যাখ্যান করলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যে সরকারের গদির লড়ে গেছে। এখন আমরা যে ছয় দফা দিয়েছি তা না মানলে আমাদের দাবী সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হবে।
এদিন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লায় পৃথক তিনটি পথসভার আয়োজন করা হয়। কুমিল্লার দাউদকান্দি, পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি কঠোর বার্তা দেন।
এর আগে সকালে দাউদকান্দির পথসভায় জামায়াত আমির বলেন, চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, কিন্তু গ্যাসের বিল যথারীতি আছে। বিদ্যুতের ভূতুড়ে বিলও আছে। জনগণকে এমন হয়রানি থেকে সরকারকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তাঁদের কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। জনগণের দাবি আদায়ের জন্যই আমাদের এই কর্মসূচি।
এ সময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে লংমার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে দাউদকান্দি ত্যাগ করে।
পরে দুপুরে চৌদ্দগ্রামের পথসভায় জামায়াত আমির বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিএনপি জাতীর সাথে দেয়া তাদের ওয়াদা ভঙ্গ করেছেন। তারা গণভোটের গণরায়কে মেনে না নিয়ে এটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য মাত্র একটি কৌশল ছিল বলে তারা সংসদে প্রকাশ্যে দাঁড়িয়ে যা বলেছেন, এটি ১৮ কোটি মানুষের সাথে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে না। সংসদে দাঁড়িয়ে জাতীর সামনে এ রকম ধোঁকাবাজি ও প্রতারণা অতীতে কোন দলের পক্ষে কোন রাজনীতিবীদ করেছে বলে আমার জানা নেই। 
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইনের পরিচলানায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেন, জুলাই আন্দোলনের পর একটি নির্বাচিত সরকারের প্রতি মানুষ যে প্রত্যাশা ও পরিবর্তনের আশা করেছিল, বর্তমান সরকার তার ধারের কাছেও যেতে পারেনি। বরং বিএনপি সরকার আগের মতই সারাদেশে লুটপাট. চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, হত্যাসহ গ্যাস বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে কোন পদক্ষেপই গ্রহণ করছে না। জুলাই বিপ্লবের পর জনগণের যে আকাঙ্খা ছিল বিএনপি সরকার জনগণের সেই আকাঙ্খার সাথে বিশ^াস ঘাতকতা করেছে। তিনি বলেন, সংসদ ও সংসদের বাইরে বিএনপির মন্ত্রী ও এমপিরা যেভাবে বক্তব্যে দিচ্ছেন তাতে মনে হয় তারা আগের ছেয়ে ভালো হয়ে গেছেন এবং জনগণের নিকট দেয়া সব ওয়াদা তারা পালন করবেন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তারা যা বলে বাস্তবে বিপরীতটাই তারা করে। তিনি গণভোটের গণরায়কে মেনে নিয়ে বিএনপি সরকারকে দেশ পরিচালনার আহবান জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান প্রমুখ।


 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২