
চলতি বছরের সাত মাসে নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে এখনও ২ হাজারের বেশি শিশু এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। বৃহস্পতিবার এ তথ্য দিয়ে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ সংক্রান্ত যে সব সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে নিখোঁজের খবর বলা হলেও উদ্ধার বা ফিরে আসার কোনো তথ্য নেই।”
বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি দূর করতে নিখোঁজের তথ্য তুলে ধরেছে পুলিশ সদরদপ্তর।
তারা জানায়, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৪৭৪টি। এসব জিডির বিপরীতে উদ্ধার হয়েছে ৪০৬ জন। এখনও ৬৮ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বছরের প্রথম এ সাত মাসে ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩ জন। তার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে, কেউ ফিরে এসেছে।
আর এ বয়সের (১০ থেকে ১৭) শিশুদের মধ্যে এখন পর্যম্ত ১ হাজার ৯৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ সদরদপ্তর বলছে, এ সময়ে মোট ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়। এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর ১৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে নিখোঁজ হওয়ার কারণও তুলে ধরা হয়েছে।
সেখানে বলা হয়েছে, “শূন্য থেকে নয় বছরের শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সাথে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথঘাট ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম ঠিকানা বলতে না পারা এবং একাকী বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়া নিখোঁজ হওয়ার অন্যতম কারণ।”
আর ১০ থেকে ১৭ বছর বয়সি শিশুদের নিখোঁজের কারণ বলা হয়েছে, “অভিমান করে, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবন-যাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব।”
বিজ্ঞপ্তিতে ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি নিখোঁজের জিডির তথ্য দিলেও এসময় কতজন উদ্ধার হয়েছে বা ফিরে এসেছে এর হিসাব দেয়নি পুলিশ সদর দপ্তর।
