বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩
আগামী দিনে বাংলাদেশে কৃষিপণ্যই হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১:৩০ এএম |




 আগামী দিনে বাংলাদেশে কৃষিপণ্যই  হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিননিজস্ব প্রতিবেদক: আগামী দিনে বাংলাদেশের কৃষিপণ্যই প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন- কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন; এ সরকার তা-ই করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে। আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পাবে। এতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা- আগামীদিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার কুমিল্ল শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে আমিন উর রশিদ বলেন, বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান; যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশের কল্যাণের জন্য জীবন-প্রাণ উৎসর্গ করেছেন। তার মৃত্যুর পরে ভাঙ্গা সুটকেস এবং একাউন্টে সাড়ে ৩শ’ টাকা পাওয়া গিয়েছিলো। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকেই সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।
তিনি বলেন, আপনি যে নেতার রাজনীতি করেন, তার চরিত্রের সাথে আপনার চরিত্র কতটুকু মিল আছে; তা খেয়াল করে দেখবেন। আপনার মুখের কথা, অন্তরের কথা এবং মাথার চিন্তা যেন এক হয়। তাহলে দেশ সুন্দর হবে, সরকার প্রসংশিত হবে। জনগণ বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে। মনে রাখতে হবে এবং প্রজন্ম অনেক সচেতন। তারা আপনার কথা ও কাজের রূপ বাস্তবে দেখতে চায়। আমাদের পবিত্র দায়িত্ব আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি, সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব-সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলপকালে ‘নতুন প্রজন্ম রাজনীতিতে সম্পৃক্ত হবার ধরণ পাল্টাচ্ছে’ উল্লেখ করে বলেছেন, যারা রাজনীতি করে তারা একটি আদর্শকে পছন্দ করে। নতুন প্রজন্মের রাজনীতিও এমন; তারা রাজনীতিকে পেশা হিসেবে চায় না। তাদের রাজনৈতিক আদর্শ হবে আলাদা, পেশা হবে আলাদা। আগামীতে এমনও হতে পারে ভোটাররা অনলাইনে বসে ভোট দিবে, ভোটকেন্দ্রে কেউ থাকবে না। তাই আমি মনে করি ২০০৬ থেকে ২০২৬ এ এসে বিএনপি'র প্রতি নতুন প্রজন্মের রাজনীতিকদের আগ্রহ বেড়েছে। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভার শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী এই আশা ব্যক্ত করেন। 
কৃষিমন্ত্রী বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।এবছর এখন পর্যন্ত কোন পেঁয়াজ আমদানি করা লাগে নি। আশা করছি, আর আমদানি করা যেন না লাগে। আগামী আড়াই বছরের মধ্যে আদা, পেঁয়াজ, টমেটো, কাচা মরিচ আমদানি বন্ধ হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২