
দেশের অন্যতম বৃহৎ
ইলিশের মৎস্য আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে
সরবরাহ বাড়লেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
শুক্রবার (২৮
আগস্ট) ছুটির দিন থাকায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতাদের
পদচারণায় মুখর হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। ইলিশ বিক্রির হাঁকডাকে জমে উঠেছে
মৎস্য আড়তের বেচাকেনা।
শুক্রবার সকাল থেকে মাছঘাটে বিভিন্ন আড়তে ইলিশের
দেখা মিলছে। ক্রেতাদের কেউ পছন্দ ও চাহিদা অনুযায়ী ইলিশ কিনছেন, আবার কেউ
দাম শুনে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ফলে সরবরাহ বাড়লেও উচ্চমূল্যের কারণে অনেক
ক্রেতাই ইলিশ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছেন।
ইলিশ ব্যবসায়ী নবির
হোসেন জানান, বর্তমানে চাঁদপুর মাছঘাটে এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি
হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। এছাড়া এক কেজির কম ওজনের ইলিশের
দাম পড়ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। শুক্রবার থাকলেও আগের
দামে বিক্রি হচ্ছে।
আরেক ব্যবসায়ী নাহিদ জানান, মাছের সরবরাহ বাড়ায় ঘাটে
ইলিশের আমদানি আগের তুলনায় বেড়েছে। তবে বাজারে চাহিদা বেশি থাকায় দাম এখনো
কমেনি। সরবরাহ আরও বাড়লে এবং বাজারে ইলিশের সরবরাহ স্বাভাবিক হলে দাম
কিছুটা কমতে পারে।
ঢাকা থেকে আসা ক্রেতা সোহাগ জানান, অনলাইনে দেখি কম
কিন্তু বাস্তবে মাছ ঘাটে এসে দেখি দাম বেশি। যা অনেক ক্রতার নাগালের বাইরে।
তবে এখানকার ইলিশগুলো অনেক টাটকা। কিছু ইলিশ নিয়েছি দাম আরও কিছুটা কম হলে
বেশি নিতে পারতাম। ইলিশের দামটা যদি আরও কিছু কমানো যায় তাহলে ক্রেতাদের
জন্য অনেক সুবিধা হবে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে
বরাত সরকার জানান, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক ইলিশের সরবরাহ বেড়েছে। মূলত
সরবরাহের ওপরেই দাম ওঠানামা করে। সামনে যেহেতু আরও কিছু মৌসুম রয়েছে সরবরাহ
বাড়তে পারে। চাহিদার তুলনায় যদি সরবরাহ বেশি হয় তাহলে দাম কমার সম্ভাবনা
রয়েছে।
