কুমিল্লার
লাকসামে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার
অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মিলন চাকমা মঙ্গলবার রাতে লাকসাম রেলওয়ে জংশন বাজারে এই
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,
সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর সকল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান
বন্ধ রাখার কথা থাকলেও কয়েকটি দোকান মালিক নির্ধারিত সময়ের পরও এগুলো খোলা
রেখেছেন। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান
চালিয়ে সরকারি নির্দেশনা অমান্যকারী ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে
শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান
চলাকালে ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য কঠোর
সতর্ক করা হয়। একই সঙ্গে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার বিষয়ে তাদের
প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে লাকসাম রেলওয়ে
জংশন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করে
নির্ধারিত সময়ের পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ওই বাজারের ৮টি
ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি জানান,
সরকারি নির্দেশনা অমান্য করে কোনো দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত
সময়ের পর খোলা রাখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়াও সরকারি নির্দেশনা
বাস্তবায়নে নিয়মিতভাবে বাজার এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া
হবে।
