
নিজস্ব
প্রতিবেদক: মক্কা হসপিটালের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন
‘কুমিল্লা ব্লাড ডোনার্স’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর ঝাউতলায় অবস্থিত মক্কা হসপিটালে আলোচনা সভার আয়োজন
করা হয়। আলোচনা শেষে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি
অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের মানবিক
কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং রক্তদানের মতো মহান কাজের মাধ্যমে
সমাজকে আরও ইতিবাচকভাবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মক্কা হসপিটালের চেয়ারম্যান মো. আনোয়ার
হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্কা হসপিটালের ব্যবস্থাপনা
পরিচালক শাহরিয়ার মামুন, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া সুমন এবং
ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সোহাগসহ অন্যান্য আমন্ত্রিত
অতিথিবৃন্দ।
কুমিল্লা ব্লাড ডোনার্স-এর সভাপতি তানভীর আহমেদ বাইজিদ ও
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হৃদয়ের যৌথ পরিচালনায় সংগঠনের বিভিন্ন স্তরের
কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে
প্রতিনিধিরা জানান, মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচানোর পাশাপাশি
সমাজে অন্যান্য মানবিক ও সামাজিক কার্যক্রম ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন থেকে সংগঠনটির বিগত বছরের কাজের মূল্যায়ন
করার পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনসেবামূলক কাজ পরিচালনা করার দৃঢ়
প্রত্যয় ব্যক্ত করা হয়।
