কবির হোসেন, তিতাসঃ
সামান্য
বৃষ্টিতেই কাদা আর পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে কুমিল্লার তিতাস
উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর-দাসকান্দি সড়কের প্রায় ২ কিলোমিটার
কাঁচা রাস্তা। দীর্ঘদিনেও পাকা না হওয়া ওই সড়কটি খানাখন্দ ও কাদায় চলাচলে
চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িছে গ্রামবাসীর। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও
কৃষকসহ প্রতিদিনের যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে।
স্থানীয়রা জানান, সড়কটি
দিয়ে বিভিন্ন কৃষিপণ্য বাজার নেওয়া হয়, ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা এ
সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে
পানি ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী
ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়ে যায় দ্বিগুণ ।
স্থানীয়দের প্রত্যাশা,
দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সড়কটি পাকা ও প্রশস্ত করার উদ্যোগ
নেওয়া হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ কমার পাশাপাশি
কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ হবে।
আলিনগর
গ্রামের মোতালিব মিয়া ও রিয়াদ সরকার বলেন, ‘সড়কটি এলাকার মানুষের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে এবং সামান্য বৃষ্টি হলে রাস্তার অবস্থা
এতটাই খারাপ হয় যে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে।’
একই গ্রামের
আয়নাল হক বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। বিশেষ করে
কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ফসল বাজারে নিতে গিয়ে সমস্যায় পড়েন। রাস্তা
ভালো হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং কৃষকরাও ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ
পাবেন।’
স্থানীয় আরেক বাসিন্দা জাকির হোসেন সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে
সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি ও বর্ষা এলেই
দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। দ্রুত স্থায়ীভাবে সড়কটি পাকা করা হলে এলাকার
মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
তিতাস উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘সড়কটির আইডি নম্বর আছে, সামনে বরাদ্দে পাকাকরনের প্রস্তাবনা পাঠাবো।’
