
নিজস্ব
প্রতিবেদক: বিএনপি সরকারকে জনবান্ধব সরকার উল্লেখ করে কৃষি, মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী
তারেক রহমানের দর্শন হলো- ‘জনগণ যেখানে সরকার সেখানে।’ তার প্রমাণ আজকের এই
অনুষ্ঠানে। আগে এই অনুষ্ঠানগুলো রাজধানীকেন্দ্রীক ছিলো। কিন্তু তারেক
রহমানের নেতৃত্বাধীন সরকার সেই প্রচলিত ধারার পরিবর্তন করতে চায় বলেই আজকের
এই অনুষ্ঠান জনগণের দোরগোড়ায় আয়োজন করা হয়েছে।
গতকাল কিশোরগঞ্জের
কটিয়াদিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্য
রাখতে গিয়ে মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, জাতীয় পর্যায়ের
কর্মসূচিগুলো সাধারণত রাজধানীকেন্দ্রীক আয়োজন হয়ে থাকে। কিন্তু আমাদের
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের দর্শন একটু ভিন্ন। তার দর্শন হলো
জনগণ যেখানে সরকার সেখানে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণ থেকে দূরে
থাকতে চায় না বরং জনগণের কাছে যেতে চায়, তাদের কথা শুনতে চায়। তাদের সুখ
দুঃখের অংশীদার হতে চায়। হাওড় অদ্যুষিত কিশোরগঞ্জের মৎস্যজীবী ভাইয়েরা এবং
উদ্যোক্তারা দেশের মৎস্য উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।
মৎস্যপক্ষ উপলক্ষ্যে সফল মৎস্য চাষীদের সম্মাননাস্বরূপ স্বর্ণপদক দেওয়া
হয়েছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি সরকার বিশ^াস করে যারা
মাঠে থেকে কাজ করে তাদের সম্মাননাও তাদের সম্মাননাও তাদের কর্মক্ষেত্রেই
দেওয়া উচিত। এতোদিন অনেকসময় দেখা গেছে যারা মাটিতে পানিতে শ্রম দিয়ে উৎপাদন
করেছে তাদেরকে রাজধানীতে এসিরুমে ডেকে এনে সম্মাননা দেওয়া হতো। মাননীয়
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই প্রচলিত ধারার
পরিবর্তন করতে চায়।
